গতি বনাম বলের দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুয়ান কুয়াদ্রাদো,জেরভিনহো
হুয়ান কুয়াদ্রাদো,জেরভিনহো

৩-০ গোলের জয় দিয়ে শুরু। কলম্বিয়ানদের কাছে রাদামেল ফ্যালকাওকে হারানোর হতাশাটা হালকাই হওয়ার কথা। কিন্তু কোচ হোসে পেকারম্যানের কপালের ভাঁজ আরও চওড়া হয়েছে! ফ্যালকাও না থাকায় এমনিতেই কলম্বিয়ার আক্রমণভাগের শক্তি কমে গেছে। আজ আইভরিকোস্টের মুখোমুখি হওয়ার আগে পেকারম্যানের জন্য দুঃসংবাদ, চোট খেলতে দিচ্ছে না সেভিয়ার স্ট্রাইকার কার্লোস বাক্কাকেও।
গতি আর পাওয়ার ফুটবলে আইভরিকোস্ট প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও জাপানকে হারিয়েছে ২-১ গোলে। সাবরি লামুশির দল আত্মবিশ্বাসে টগবগে। গতি আর পাওয়ার ফুটবল তো আছেই, আইভরিকোস্ট এগিয়ে থাকবে শারীরিকভাবেও। পেকারম্যান জবাবটা দিতে চান বলের দখল রেখে । গ্রিসকে বল পজেশন দিয়েই কাবু করেছে তারা। ‘আফ্রিকার হাতি’কেও বধ করতে চান একই কৌশলে।
পেকারম্যানের জন্য স্বস্তির সংবাদও আছে, নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে খেলতে না-পারা মিডফিল্ডার ফ্রেডি ওয়ারিন ফিরেছেন। ইন্টার মিলান মিডফিল্ডার আইভরিকোস্টের জন্য তৈরি হয়েই নামবেন, ‘তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী, বলের জন্য সব সময়ই লড়াই করে এবং শারীরিক সামর্থ্য দিয়ে আমাদের হারিয়ে দিতে চেষ্টা করবে। তবে আমাদের ফুটবল, পাসিং, বল নিয়ন্ত্রণ দিয়ে আমরা সফল হতে পারি।’
আইভরিকোস্টের কোচের সমস্যাটা আবার মধুর। দিদিয়ের দ্রগবাকে আজও বদলি হিসেবে খেলাবেন নাকি শুরুর একাদশে নামাবেন? জাপানের ম্যাচের ৬২ মিনিটে বদলি হিসেবে নেমেই দ্রগবা বুঝিয়ে দিয়েছেন, তাঁর উপস্থিতি দলকে কতটা বদলে দেয়। দ্রগবা নামার আগ পর্যন্ত ১-০-তে পিছিয়ে ছিল আইভরিকোস্ট। কিন্তু তিনি নামার চার মিনিটের মধ্যেই পেয়ে যায় দুই গোল। লামুশি দ্রগবার প্রশংসায় পঞ্চমুখ, ‘ও মাঠে নামতেই ম্যাচের চেহারা বদলে যায়। ওকে আটকাতে দু-তিনজন খেলোয়াড় ওর কাছে থাকে, এই সুযোগে দল সুবিধাজনক অবস্থা তৈরি করে নিয়েছে।’
সমস্যা-শঙ্কা ভুলে দুই দলই একটা জায়গায় এক—ম্যাচ জিতে প্রায় নিশ্চিত করে ফেলতে চায় দ্বিতীয় রাউন্ড। এএফপি।

চোখ রাখুন
মুখোমুখি কলম্বিয়া–আইভরিকোস্ট
হুয়ান কুয়াদ্রাদো
দুর্দান্ত গতি। সঙ্গে অসাধারণ ড্রিবলিং, দিতে পারেন দারুণ সব ক্রস। গোল করতেও সমান দক্ষ। ফিওরেন্টিনার উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদোকে নিয়ে আইভরিকোস্ট ডিফেন্ডারদের আতঙ্কেই থাকতে হবে।

জেরভিনহো
দ্রগবা-তোরের কারণে তাঁর ওপর আলোটা কম। তবে জাপানের সঙ্গে প্রথম ম্যাচেই দলের জয়সূচক গোল করে জেরভিনহো সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। আজ কলম্বিয়ারও বিপদের কারণ হতে পারেন নাপোলির ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।

এক নজরে ফল
১৭ জুন, ২০১৪
বেলজিয়াম ২ : ১ আলেজরিয়া
ফেলাইনি ৭০ মি. ফেগুলি ২৫ মি.
মের্তেনস ৮০ মি.
ব্রাজিল ০ : ০ মেক্সিকো
রাশিয়া ১ : ১ দ. কোরিয়া
কারজাকভ ৭৪ মি. লি কিউন-হো ৫৬ মি.