গতি বাড়বে, গোলবাড়ার সম্ভাবনা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ফুটবল তারকা ও কোচ গোলাম সারোয়ার টিপু লিখছেন প্রথম আলোয়
সাবেক ফুটবল তারকা ও কোচ গোলাম সারোয়ার টিপু লিখছেন প্রথম আলোয়

ব্রাজিল বিশ্বকাপ অন্য বিশ্বকাপের চেয়ে কোন জায়গায় আলাদা? ব্যবধান কোথায় হবে? টেকনিক্যালি ও ট৵াকটিক্যালি খেলার ধরন কেমন হবে?
খেলা যত এগোবে, ততই উত্তর মিলতে থাকবে৷ তবে আমার ধারণা, আগের বিশ্বকাপের চেয়ে মাঠের খেলায় পার্থক্য খুব একটা হবে না৷ যদিও দলগুলো মাঠে ঢোকার আগ পর্যন্ত একটা বৈচিত্র্য থাকবে৷ সেটির কারণ ব্যাখ্যাতীত৷ ব্রাজিল মানেই ফুটবল৷ ফুটবল ওরা উপভোগ করে নিজেদের মতো করে৷ এখানেই ব্রাজিল বিশ্বকাপ আলাদা নম্বর পাবে৷ পার্থক্য গড়বে আগের বিশ্বকাপের চেয়ে৷
মাঠের বাইরে উদ্যাপনে ব্রাজিল একটা স্বকীয়তা দেখাবে, এটা বলতেই পারি৷ সাম্বা নাচের কথা নাই-বা বললাম৷ মাঠের খেলায় গত বিশ্বকাপে সাধারণ ছক ছিল, ৪-৪-২ ছক৷ এবার শুধু রাশিয়া মনে হচ্ছে ৪-৪-২-এ যেতে পারে৷ বাকিরা ৪-২-৩-১ বেছে নেবে মনে হচ্ছে৷
৪-২-৩-১ কেন? আসলে দুই হোল্ডিং মিডফিল্ডার রাখতে চায় এখন দলগুলো, যারা ‘খারাপ’ কাজগুলো করে৷ মানে কড়া ট্যাকলিং, প্রতিপক্ষের আক্রমণ যেভাবেই হোক থামিয়ে দেওয়ার দায়িত্ব ওই দুজনের ওপর৷ ‘গোল খাব না’—এই পণ থেকেই কড়া ট্যাকলিং করেন হোল্ডিং মিডফিল্ডাররা৷ এঁরা রক্ষণে এলে ছয়জন ডিফেন্ডার হয়, আক্রমণে গেলে পাঁচজন, একটা দলের জন্য যা রিবাট সুবিধা৷
আরেকটি ব্যাপার—গতি৷ আমার ধারণা, এই বিশ্বকাপ গতবারের চেয়ে একটু বেশি গতিময় হবে৷ হয়তো দেখা যাবে একটা দলের চার-পাঁচজন খেলোয়াড় অন্যদের চেয়ে বেশি দ্রুত, কয়েকজন একটু কম গতির৷ এতে গড় গতিটা সমানই হয়ে যাবে৷ গতি বাড়লেও আমার ধারণা, গোল বাড়ার সম্ভাবনা কম৷
নিজেদের পোস্ট অক্ষত রেখে আক্রমণ—এই মনোভাব সংক্রমিত সব দলের মধ্যেই৷ কাজেই জায়গা বের করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে৷ মাঝেমধ্যে হয়তো দু-একটা ম্যাচে অস্বাভাবিক স্কোরলাইন হতে পারে, সেটা সব সময়ই কমবেশি হয়৷ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যেমন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে চার গোলে উড়িয়ে দিয়েছিল জার্মানি৷ এবারও দু-একটা ম্যাচে তেমন কিছু হবে না কে বলতে পারে! তবে সাধারণ হিসাব বলছে, গোল বাড়বে না ব্রাজিলে৷ এখন প্রযুক্তি এত উঁচুতে পৌঁছেছে, সবার ঘরের খবর প্রতিপক্ষের জানা হয়ে যায়৷
প্রতিপক্ষকে আটকে দিকে নিরন্তর গবেষণা চলে৷ যেখানে শারীরিক শক্তির গুরুত্বপূর্ণ ব্যাপারটাও এখন আর বড় করে দেখা হচ্ছে না৷ শারীরিক দিক থেকে আফ্রিকার দেশগুলো এগিয়ে৷ তবে ফুটবল শুধু শারীরিক শক্তির খেলা হলে আফ্রিকার দেশগুলো প্রতিবার চ্যাম্পিয়ন হতো৷ শক্তির সঙ্গে বুদ্ধি, স্কিল, বিচক্ষণতা—সবকিছুরই মিশেলই আধুনিক ফুটবল, যেখানে সব দলগুলো কাছাকাছি চলে এসেছে, যা এই বিশ্বকাপে আরও বেশি করে দেখা যাবে৷ কিছুদিন ধরে পত্রিকার পাতায় কোচদের সাক্ষাৎকার পড়ছিলাম৷ কোনো কোচই বলেননি অমুক দলকে উড়িয়ে দেব৷ এতে বসনিয়া, ইরান বা অন্য কোনো কম শক্তির দলের সাহস বেড়ে যায়৷ অঘটন ঘটাতে পারতে তৎপর থাকে তারা৷ বড় দলগুলো তাই সতর্ক থাকে৷ আমার মনে হয়, চাপের কারণে পরাশক্তিরা খানিক হতাশও করতে পারে দর্শকদের৷ খেলা দেখে হয়তো আপনার মনে অতৃপ্তি থাকল, আপনি আনমনে বললেন, ‘কী খেলল ব্রাজিল...কী খেলল আর্জেন্টিনা...কী খেলল জার্মানি-স্পেন...৷’
সব মিলিয়ে ফুটবলের সাধারণ ধারার বাইরে খুব আলাদা কিছু দেখব, এমন আশার বেলুন ফুলাতে পারছি না৷ এর মধ্যেই স্বস্তির খবর—মাঠের বাইরে ব্রাজিলিয়ানদের আন্দোলন...বাধার পাহাড় ডিঙিয়ে ডানা মেলল বিশ্বকাপ৷ এটাই এখন পর্যন্ত বড় পাওয়া৷ তবে টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি তেমন বড় পরিবর্তন আশা না করাই ভালো৷