গতিতেই আস্থা বোর্ডারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার দল ঘোষণার পর ভ্রু কুঁচকে গিয়েছিল অনেকের। উপমহাদেশের বিশ্বকাপে স্পিনকে ভরসা মেনে সব দলে স্পিনারের ছড়াছড়ি। অস্ট্রেলিয়া সেখানে ব্যতিক্রম। বিশ্বকাপের ১৪ দলের মধ্যে একমাত্র বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডেই বিশেষজ্ঞ স্পিনার মাত্র একজন। অ্যালান বোর্ডার মনে করেন, ঠিক কাজটাই করেছেন নির্বাচকেরা, গতি দিয়েই শিরোপা ধরে রাখতে পারবে অস্ট্রেলিয়া। ১৫ জনের দলে বিশেষজ্ঞ পেসারই ৫ জন, সঙ্গে আছেন শেন ওয়াটসন। বোর্ডারের ধারণা ‘পেস কোয়ার্টেট’ জ্বলে উঠলে শিরোপা তাঁর দেশেই থাকবে, ‘সবাই বলছে উপমহাদেশে খেলা, স্পিনটা জরুরি। আসলে এতটা জরুরি নয়। আমাদের ফাস্ট বোলাররা জ্বলে উঠলে শিরোপা আমরাই জিততে পারি। দুরন্ত গতির সঙ্গে যদি রিভার্স সুইংটা যোগ হয়, এমন বোলিংয়ের মুখোমুখি হতে কেউই চায় না। পেস আক্রমণ ভালো হলে সেই দলকে হারানো কঠিন। আমার মনে আছে, আশির দশকে ভারতে গিয়েও খুব ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজ।’বোর্ডার চাইলে উদাহরণ দিতে পারতেন নিজের দল দিয়েও। অস্ট্রেলিয়া প্রথম বিশ্বকাপ জিতেছিল এই উপমহাদেশেই। বোর্ডারের নেতৃত্বে ১৯৮৭ বিশ্বকাপ শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল ফাস্ট বোলার ক্রেইগ ম্যাকডারমট (১৮ উইকেট) ও মিডিয়াম পেসার স্টিভ ওয়াহর (১১ উইকেট)। উদাহরণ দেওয়া যায় গত বিশ্বকাপেরও। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনও ছিল অনেকটা উপমহাদেশের মতো। কিন্তু সর্বোচ্চ ২ উইকেটশিকারি ছিলেন গ্লেন ম্যাকগ্রা (২৬) ও শন টেইট (২৩)।টেইট আছেন এবারও। সঙ্গে ব্রেট লি, ডগ বলিঞ্জার আর মিচেল জনসন বোলিং করতে পারেন ১৫০ কিলোমিটারের আশপাশে। জন হেস্টিংসের মূল অস্ত্র নিয়ন্ত্রণ আর গতির বৈচিত্র্য। জুটি ভাঙায় জুুড়ি নেই ওয়াটসনের। সব মিলিয়ে বোলিং আক্রমণটা দারুণ মনে ধরেছে বোর্ডারের, ‘ইংল্যান্ড সিরিজে দারুণ গতিতে বোলিং করছে লি, ছন্দও ফিরে পাচ্ছে। মিচ (জনসন) আর টেইটি (টেইট) যদি সেরার কাছাকাছিও বোলিং করতে পারে, বোলিং আক্রমণটা হয়ে উঠবে ভয়ংকর। ফাঁকে ফাঁকে দু-একজন পার্টটাইম স্পিনার বোলিং করবে—ব্যস দুর্দান্ত একটা দল।’লি-টেইটদের সামর্থ্য নিয়ে কারও সন্দেহ নেই। তবে বোর্ডার যেটা বলেননি, সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এখন সেটাই। এই ফাস্ট বোলারদের সবাই পুরোপুরি ফিট থাকবেন তো? ওয়েবসাইট।