গতিদানব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাহ্, একদমই শিক্ষা হয়নি বার্নার্ড টমিচের। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে লাইসেন্স হারিয়েছেন, পুলিশের কাছে জরিমানাও গুনেছেন বেশ কয়েকবার। কিন্তু অভ্যাসটা আর গেল না অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়ের। বিলাসবহুল গাড়ির শখ আছে তাঁর, তাই বলে সুযোগ পেলেই সেগুলো নিয়ে বেপরোয়া গতিতে ছুটতে শুরু করে দেবেন? একবার তো ঘণ্টায় ৩৫২ কিলোমিটার গতিতেও চালিয়েছেন টমিচ! এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এটিপি টুর্নামেন্ট খেলতে গেছেন ২৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান। সেখানেই একটি সাক্ষাৎকারে ‘সর্বোচ্চ কত গতিতে গাড়ি চালিয়েছেন’—প্রশ্নে নির্বিকার ভঙ্গিতে টমিচের উত্তর, ‘৩৫২ কিমি!’ মাইলের হিসাবে বলতে অনুরোধ করায় বললেন, ‘জানি না। অনেক দ্রুতগতির ছিল। হয়তো ২১০-২২০ মাইল হবে।’ কতটা বেপরোয়া সেটি সাক্ষাৎকার গ্রহণকারীর এরপরের উত্তর থেকেই বুঝে নিতে পারেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে আজ আপনাকে জীবিত অবস্থায় পাচ্ছি।’ ডেইলি মেইল।