গবেষণায়ও সেরা ব্র্যাডম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? প্রশ্নের উত্তরটা সর্বজনবিদিত। প্রায় সবাই বলবেন, ‘কে আবার, স্যার ডন ব্র্যাডম্যান!’ অসাধারণ সব ইনিংসের কথা বাদই থাকল, স্রেফ পরিসংখ্যানই ব্র্যাডম্যানের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যথেষ্ট। তবে ভিন্নমতের দু-একজন যে নেই, তা কিন্তু নয়। এই আধুনিক প্রযুক্তির যুগে, অতি ক্রিকেটের যুগে, ওয়ানডে ও টি-টোয়েন্টির যুগে ব্র্যাডম্যান কী করতে পারতেন, খুব ক্ষীণকণ্ঠ হলেও এমন কথা ওঠে।তবে এই সংশয়ের দিন বুঝি ফুরোল। রীতিমতো কেতাবি গবেষণার ফলাফল বলছে, সর্বকালের সেরা ব্র্যাডম্যানই। শুধু এটাই নয়, ‘৪৮ গড়ের ডগলাস জার্ডিনের সঙ্গে ৪৭ গড়ের অ্যাডাম গিলক্রিস্টের তুলনা কীভাবে হবে’ কিংবা ‘দলের প্রয়োজনের সময় যেভাবে নিজের সেরাটা দিয়েছেন তাতে স্টিভ ওয়াহর সঙ্গে অ্যালান বোর্ডারের তুলনা হবে কীভাবে’—এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে এই গবেষণায়। অনেক দিন ধরে চলে আসা অনেক প্রচলিত ধ্যান-ধারণাও পাল্টে দেবে এ গবেষণা।অর্থনৈতিক অসাম্য পরিমাপের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, সেই পদ্ধতি ব্যবহার করেই গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের জন ম্যানগান ও ইউনিভার্সিটি অব উলস্টারের ভানি বুরুয়াহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, গবেষণায় শুধু ব্যাটিং-গড় বা পরিসংখ্যান নয়, বিবেচনায় নেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন উইকেট, কন্ডিশন, পরিস্থিতি, প্রযুক্তি, দলের মোট রানে অবদান, দেশের মাটিতে আর বিদেশের পারফরম্যান্স, প্রথম-দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্স, এমনকি বিভিন্ন যুগকেও। আর এই বিশদ গবেষণার ফলই সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন ম্যানগান, ‘এটা অবিশ্বাস্য, কিন্তু ব্র্যাডম্যানই একমাত্র ব্যাটসম্যান সব শ্রেণীতেই যাঁর যথার্থ অবস্থান আছে। প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস, ভেজা-শুষ্ক আবহাওয়া, ইংল্যান্ডের মাটিতে অথবা ভারতে, আমরা যে ক্যাটাগরিই এনেছি, ব্র্যাডম্যানকে মনে হয়েছে সেরা।’ গবেষণাটি প্রকাশিত হয়েছে জার্নাল অব কোয়ান্টেটিভি অ্যানালাইসিস ইন স্পোর্টস-এ।ম্যানগান ও বুরুয়াহ প্রথমেই ‘গিনি কোএফিসিয়েন্ট’ পদ্ধতিতে ব্যাটসম্যানদের ব্যাটিং-গড়ের সঙ্গে রান করার ধারাবাহিকতার সমন্বয় বের করেছেন। এটির ফলাফল চমকে দেবে অনেককেই। সর্বকালের সেরা ব্যাটসম্যানদের ছোট্ট তালিকাতেও যাঁরা থাকেন, সেই গ্রায়েম পোলক, ওয়ালি হ্যামন্ড, জর্জ হেডলি, এভারটন উইকস ও গ্যারি সোবার্সদের ওপরে আছেন ডেনিস কম্পটন, স্টিভ ওয়াহ, অ্যান্ডি ফ্লাওয়ার ও গিলক্রিস্ট। আরেকটি কৌতূহল-জাগানিয়া শ্রেণী ছিল দলের মোট রানে ব্যাটসম্যানদের অবদান। দলের রানে ২৫ শতাংশ অবদান রেখে শীর্ষে ব্র্যাডম্যান, তাঁর পরেই আছেন হেডলি (২২ শতাংশ) ও ব্রায়ান লারা (১৯ শতাংশ)। এই শ্রেণীতে ডগলাস জার্ডিন, এডি পেইন্টার, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিসদের ওপরে আছেন সুনীল গাভাস্কার, কম্পটন, নিল হার্ভে, ডগ ওয়াল্টার্স ও ভিভ রিচার্ডসরা।পদ্ধতিটা এমনিতে জটিল, তবে ম্যানগান জানালেন অর্থনীতির ছাত্রদের জন্য এটা জটিল কিছু নয়। ক্রিকেটে এই পদ্ধতির ব্যবহার হলো এই প্রথম। তবে ম্যানগানদের এই গবেষণাই শেষ কথা নয়। ক্রিকেট খেলাটাই এমন, মাঝেমধ্যে কিছু পারফরম্যান্সকে কোনো মাপকাঠিতেই ফেলা যায় না। ৩০ রানের একটা ইনিংসও অনেক সময় সেঞ্চুরির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ক্রিকেটের সবচেয়ে বড় সৌন্দর্য তো সেখানেই। ওয়েবসাইট।