গম্ভীর-কোহলির যুগলবন্দী
লেন্থ বল অফসাইডে ঠেলে হালকা দৌড়ে এক রান। আলতো করে হাতটা বাতাসে ছুড়লেন। ছোট্ট একটা লাফ আর মুখে বড় হাসি!এবারও হালকা দৌড়ে এক রান, শর্ট বলে পুল করে। রানটা নেওয়ার পর হঠাৎই যেন খেপে গেলেন। মুষ্ঠিবদ্ধ হাত সজোরে ছুড়লেন আকাশে। হেলমেট উঠে এল হাতে। ড্রেসিংরুমের দিকে ব্যাট তুলে এমনভাবে কিছু একটা বললেন, যেন ভেতরে সুপ্ত আগ্নেয়গিরি থেকে হঠাৎ উদিগরণ হলো লাভার!দুটি ঘটনাই নুয়ান কুলাসেকারার করা ভারতীয় ইনিংসের ৪২তম ওভারের। এক বলের ব্যবধানে দেখা গেল বিপরীত চরিত্রের দুজনের বিপরীতধর্মী সেঞ্চুরি উদ্যাপন। চাইলে এটাকে মেলাতে পারেন দুজনের ‘দায়িত্বের’ সঙ্গে। ভারতের সম্ভাব্য ভবিষ্যৎ অধিনায়ক কদিন আগেই পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি। বিরাট কোহলি পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব। ধোনির ডেপুটি হিসেবে কালই ছিল প্রথম ম্যাচ। দায়িত্বের ভার আছে বলেই হয়তো অমন নিয়ন্ত্রিত উদ্যাপন!বীরেন্দর শেবাগ নেই, কোহলির দায়িত্বটা পাওয়ার কথা ছিল গম্ভীরের। বাঁহাতি ওপেনার ভারতের নিয়মিত সহ-অধিনায়ক ছিলেন, ধোনির অনুপস্থিতিতে নেতৃত্বও দিয়েছেন ৬ ম্যাচে। সেই দায়িত্ব হারানো বা না পাওয়ার ক্ষোভই কি বেরিয়ে এল উদ্যাপনে!আবার অন্যভাবেও দেখা যায়। সেঞ্চুরি ইদানীং কোহলির কাছে ‘ডালভাত’। কাল তো একটা বিশ্বরেকর্ডই গড়ে ফেললেন। ৮৩তম ম্যাচে এল দশম সেঞ্চুরি, এত কম ওয়ানডেতে ১০ সেঞ্চুরি করতে পারেনি আর কেউ! টানা দুই ম্যাচে সেঞ্চুরিও হলো কাল। এ জন্যই হয়তো সেঞ্চুরিকে আর খুব মহার্ঘ্য কিছু মনে হলো না তাঁর কাছে।গম্ভীরেরও দশম সেঞ্চুরি। কিন্তু নবম আর দশমটির মাঝে পেরিয়ে গেছে ১৫ মাসেরও বেশি! ২০১০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে করেছিলেন অষ্টম ও নবম সেঞ্চুরি। মাঝের ২৯ ইনিংসে ফিফটি ছুঁয়েছেন ১০ বার, তিনবার কাটা পড়েছেন নড়বড়ে নব্বইয়ে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত গত বছর বিশ্বকাপ ফাইনালে ৯৭। এই সেঞ্চুরিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান বলেই হয়তো উদ্যাপন এমন বাঁধনহারা!কোহলির ব্যাটিং যেমন বিস্ময়, তেমনি সহ-অধিনায়কত্ব পাওয়াও। প্রতিভা বা নেতৃত্বের সুপ্ত জ্ঞান নিয়ে সংশয় নেই, সংশয় গুরুভার বইবার সামর্থ্য নিয়ে। মাঠের ভেতরে-বাইরে তিনি পুরোদস্তুর আইপিএল-যুগের ভারতীয় ক্রিকেটার। উইকেটে ব্যাট হাতে ভয়ডরহীন, মাঠের বাইরে তেমনই বেপরোয়া। রাতের জীবনের প্রতি অতিরিক্ত ভালোবাসা অবশ্য ইদানীং কমে এসেছে। তবে নিজের আচরণের ওপর এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। এই তো সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরেই কয়েক দফা সমালোচিত হয়েছেন দর্শকদের দিকে আপত্তিকর অঙ্গভঙ্গি করায়। তবে দায়িত্ব অনেক সময় অনেককে পরিণত করে, ভারতীয় বোর্ডও হয়তো এই আশা করেই কোহলির মধ্যে ভবিষ্যৎ অধিনায়ককে দেখছে।কোহলির কালকের ব্যাটিংয়ে কিন্তু দায়িত্বের ছাপ যথেষ্টই ছিল। সর্বশেষ ইনিংসের মতো ব্যাটে ঝড় নয়, বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া পরিণত ব্যাটিং। একই কথা বলা যায় গম্ভীরের ইনিংসটা নিয়েও। শুরুতে সময় নিয়েছেন দুজনই, খুব বেশি ঝুঁকি নেননি পুরো ইনিংসেই। মাহেলা জয়াবর্ধনের বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সাজানো দুজনকেই বেঁধে রেখেছিল উইকেটে। কখনো কভারে খুব কাছাকাছি দুজনকে, আবার পয়েন্টে খুব কাছাকাছি দুজন ফিল্ডার রেখে দুজনের রান তোলার প্রিয় জায়গাগুলো বন্ধ করে দিয়েছেন জয়াবর্ধনে। কিন্তু ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ওই জাল ছিঁড়ে বেরিয়ে এসেছেন দুজন। বাতাস অনুকূলে আসার পর দুজনই মেলেছেন পাখা।পরিসংখ্যান বলছে, উইকেটে দুজনের সঙ্গ দারুণ উপভোগ করেন দুজন। ওয়ানডেতে ২৭ বার জুটি বেঁধে দুজনে তুলেছেন ১৭৬২ রান, গড় ৭০.৪৮। কমপক্ষে ১৫০০ রান করা জুটিগুলোর মধ্যে এর চেয়ে ভালো গড় নেই আর কোনো ভারতীয় জুটির! শতরানের জুটি আছে ছয়টি, এর মধ্যে তিনটি আবার ছুঁয়েছে ২০০।নিশ্চিত থাকতে পারেন, ব্যাটিং অর্ডার, ফর্ম আর সামর্থ্য—সব মিলিয়ে ভারতকে এমন জুটি আরও অনেক উপহার দেবেন দুজন। দুজনের ব্যাট ভারতকে এনে দেবে আরও অনেক জয়, যেমন এনে দিল কাল!