গম্ভীর-কোহলির শতক, ভারত ৩০৪
দুঃসময় এখনো ঘোঁচাতে পারেননি শচীন টেন্ডুলকার। শততম সেঞ্চুরির প্রতীক্ষায় আরও একটা ম্যাচ পার করেছেন ভারতের এই ব্যাটিং আইকন। সাজঘরে ফিরেছেন মাত্র ৬ রান করে। ভারতীয় ইনিংসের ৬ষ্ঠ ওভারে টেন্ডুলকারকে ফিরিয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের শুরুটা ভালোভাবেই করেছিল শ্রীলঙ্কা। কিন্তু এরপর দ্বিতীয় উইকেটে দুই সেঞ্চুরিয়ান গৌতম গম্ভীর ও বিরাট কোহলি ২০৫ রানের অসাধারণ এক জুটি গড়ে বড় সংগ্রহের পথে নিয়ে যান ভারতকে। শেষপর্যায়ে অধিনায়ক ধোনির ২৫ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩০৫ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ভারত।মাত্র ১৯ রানের মাথায় টেন্ডুলকার আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ২০৫ রানের চমত্কার এক জুটি গড়েছিলেন আরেক ওপেনার গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। খেলার বেশ খানিকটা সময়ই লঙ্কান বোলারদের শুধু হতাশাতেই ডুবিয়েছেন তাঁরা। ৪২তম ওভারে টানা দুই বলে শতরান পূর্ণ করেন দুজনই। তবে পরের ওভারে মাত্র এক বলের বিরতিতে সাজঘরে ফিরেছেন এই দুই ভারতীয় ব্যাটসম্যান। একই ওভারে দুই সেঞ্চুরিয়ানকেই সাজঘরে ফিরিয়ে শেষমুহূর্তে শ্রীলঙ্কান শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন মাহারুফ। চতুর্থ উইকেটে ঝড়ো ব্যাটিং করে ভারতের সংগ্রহটা বড় করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। মাত্র ৪৩ বলে তাঁরা যোগ করেন ৭৮ রান। ধোনি খেলেন ২৬ বলে ৪৬ রানের হার না মানা ইনিংস। আর ১৭ বলে ৩০ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রায়না।