গম্ভীর মুখে হাসির ঝরনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁচে থাকতে বলা হতো ‘ক্রিকেটের জীবন্ত ঈশ্বর।’ এখন আর তা বলা হয় না, তবে তাতেও ডন ব্র্যাডম্যানের মহিমা এতটুকুও কমেনি। তাঁর যেকোনো অর্জন ছোঁয়া যেকোনো ক্রিকেটারের জন্যই সবচেয়ে কাঙ্ক্ষিত চাওয়াগুলোর একটি। ব্র্যাডম্যানের পাশে নাম লেখানোর তেমনই এক সুযোগ এখন গৌতম গম্ভীরের সামনে। কাল টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করলেন গম্ভীর, এর মধ্যে পাঁচটিই গত পাঁচ টেস্টে। অর্থাৎ টানা পঞ্চম টেস্ট সেঞ্চুরি, টানা ৬ টেস্টে সেঞ্চুরি করে সবার আগে আছেন স্যার ডন ব্র্যাডম্যান।অথচ গম্ভীরের টেস্ট খেলার সম্ভাবনাটাই একসময় সংশয়ের মেঘে ঢাকা ছিল। আক্রমণাত্মক ব্যাটসম্যান, ‘ইম্প্রোভাইজ’ করে খেলেন বলে তাঁকে একসময় মনে করা হতো শুধুই সীমিত ওভারের ক্রিকেটের উপযোগী। যেন আক্রমণাত্মক ব্যাটিং করাটা বড় একটা দোষের কাজ। ঘরোয়া ক্রিকেট আর ‘এ’ দলের ধারাবাহিকতাই তাঁকে সুযোগ করে দেয় টেস্টে। প্রথম ১৩ টেস্টে তিনটি ফিফটি আর একটি সেঞ্চুরি, সেটিও আবার বাংলাদেশের বিপক্ষে। ফলাফল দল থেকেই বাদ!দ্বিতীয় অধ্যায় শুরু বছর দেড়েক আগে। ওয়ানডে দলে তত দিনে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পেয়ে জায়গা পাকা করে ফেললেন টেস্টেও। হয়ে উঠলেন ধারাবাহিকতার মূর্ত প্রতীক। ২০০৮-এর জুলাইতে সেই শ্রীলঙ্কা সফর থেকে শুরু করে এই চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংস পর্যন্ত টেস্টে ২৮ বার ব্যাট করলেন, একবারই কেবল আউট হয়েছেন দুই অঙ্কের নিচে। গত ১৩ টেস্টে ৮ সেঞ্চুরি, ৭ হাফ সেঞ্চুরি। একসময় টেস্টে ‘অচল’ ব্যাটসম্যানই ২০০৯ সালে পেয়েছেন আইসিসির বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যানের পুরস্কার। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন তো অনেক দিন ধরেই।কখনো কি ভেবেছিলেন এতটা সাফল্য পাবেন টেস্টে? ‘কখনোই ভাবিনি টানা পাঁচটি সেঞ্চুরি পাব। দলকে ভালো একটা সূচনা দেওয়াই আমার লক্ষ্য থাকে সব সময়। আমি সব সময়ই বিশ্বাস করেছি, যেকোনো ওপেনারের লক্ষ্যই হওয়া উচিত দলকে যতটা সম্ভব ভালো একটা সূচনা দেওয়া। আমি অনেক পরিশ্রম করেছি, সব কষ্ট কাজে লাগছে, এটা চলতে থাকলেই আমি খুশি’—ভারতের রাজধানী শহরের সন্তান বুঝিয়ে দিলেন, শুধু ব্যাটিংয়ে নয়, অনেক পরিপক্বতা এসেছে তাঁর চিন্তাভাবনাতেও। ব্র্যাডম্যানের পাশে বসার সুযোগ এসে গেছে সামনে, সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করতে চান না? ‘দেশের হয়ে খেললে এমনিতেই অনেক চাপ থাকে। রেকর্ডের কথা ভেবে এই চাপ আমি আরও বাড়াতে চাই না। তা ছাড়া আমি টার্গেট ঠিক করে কোনো দিন সফল হতে পারিনি। ওসব তাই ভাবছি না’—পরিপক্বতার আরেক দফা নমুনা রাখলেন গম্ভীর।তবে যতই বলুন রেকর্ডের জন্য খেলি না, রেকর্ডের চিন্তাটা মাথায় না থেকে পারেই না। ফর্মটা দুর্দান্ত, বাংলাদেশের বোলারদেরও পছন্দ করেন ভালোই (চার ইনিংসে দুই সেঞ্চুরিতে ৩১৩ রান, গড় ৭৮.২৫)। কাল জানালেন বাংলাদেশকেও তাঁর দারুণ পছন্দ, এটা তাঁর ‘লাকি দেশ, টেস্টে প্রথম সেঞ্চুরিটাও যে এখানেই পেয়েছিলেন। এগুলোর সঙ্গে ব্র্যাডম্যানকে ছোঁয়া এবং ইতিহাস গড়ার প্রেরণা তো আছেই। ঢাকায় গম্ভীরকে থামানো তাহলে সত্যিই কঠিন হয়ে পড়বে!