গম্ভীরের পাল্টা তোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ঢোল অন্যকে পেটাতে দিলে নাকি ফাটিয়ে ফেলার শঙ্কা থাকে। কিছুদিন ধরে বুঝি সেই অভিজ্ঞতাই হচ্ছে গৌতম গম্ভীরের। নিজের ব্যাটে বড় রান নেই, জমছে না বীরেন্দর শেবাগের সঙ্গে জুটিও। এ নিয়ে চারপাশে অনেক গুঞ্জন, সমালোচনা। বাধ্য হয়ে ঢোল পেটানোর দায়িত্বটা নিজের কাঁধেই নিলেন গম্ভীর। জানিয়ে দিলেন, টেস্ট দলের জায়গা নিয়ে শঙ্কা নেই একটুও। আর ঘোষণা দিলেন শেবাগের সঙ্গে তাঁর জুটিই এখনো ভারতের সেরা!ঢালাওভাবে স্রেফ নিজেদের জুটিকে সেরা বলেননি গম্ভীর। নিজের দাবির পক্ষে সাক্ষ্য দাঁড় করিয়েছেন পরিসংখ্যানকে, ‘উদ্বোধনী জুটিতে এখনো আমাদের গড় ৫৩। আমার মনে হয়, বিশ্ব ক্রিকেটেই এটি অন্যতম সেরা। এত দীর্ঘ সময় ধরে খেলে জুটিতে গড়ে ৫৩ রান তোলার নজির খুব একটা বোধ হয় নেই। ৫৩ গড়ও যদি যথেষ্ট না হয়, আমি জানি না তবে যথেষ্ট কী। গড় ৫০ মানে প্রতি ইনিংসে ৫০ রানের উদ্বোধনী জুটি। এর চেয়ে বেশি কিছু তো করা সম্ভব নয়। লোকে বলছে আমরা নাকি দলে অবদান রাখতে পারছি না। তাদের বলছি, পরিসংখ্যানে চোখ বুলিয়ে নিন।’গম্ভীরের এই দাবি একেবারে সত্যি। ৮১ টেস্ট ইনিংস একসঙ্গে শুরু করে শেবাগ-গম্ভীর জুটিতে তুলেছেন ৫২.৬৯ গড়ে ৪১১০ রান। ১০টি সেঞ্চুরি জুটির সঙ্গে ২৪টি ফিফটি জুটি। ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনিং জুটি শেবাগ-গম্ভীরই, সব দেশ মিলিয়ে টেস্ট ইতিহাসের পঞ্চম সেরা। কমপক্ষে ৮০ ইনিংস ব্যাট করা জুটিদের মধ্যে এই জুটির চেয়ে ভালো গড় নেই আর কোনো উদ্বোধনী জুটির। কিন্তু এই সবকিছুই পুরো ক্যারিয়ারের সামগ্রিক পরিসংখ্যান, সাম্প্রতিক ছবিটা পুরো উল্টো! ২০১১ সালের শুরু থেকে যদি ধরা হয়, এই জুটির গড় নেমে এসেছে মাত্র ৩০.২৫! ২০ ইনিংসে কোনো সেঞ্চুরি জুটি নেই, ফিফটি জুটি ৫টি। অস্ট্রেলিয়ায় ভারতের মহাবিপর্যয়ের সিরিজের ৪ টেস্টের ৮ ইনিংসে দুজনের সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল মাত্র ২৬!জুটির সাম্প্রতিক এই রেকর্ডটাই বলছে, দুজনের ব্যক্তিগত ফর্মও ভালো নয়। গম্ভীরের সর্বশেষ টেস্ট সেঞ্চুরির বয়স তিন বছর হতে চলল। ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর সেঞ্চুরিহীন কেটেছে ৪০ ইনিংস। ক্যারিয়ার-গড় যেখানে ৪৪.৩৫, এই সময়ে গড় ২৮.৩৬। তিন অঙ্কের সঙ্গে শেবাগের দেখা নেই ৩০ ইনিংস, সর্বশেষটি ২০১০ সালের নভেম্বরে। ক্যারিয়ার ব্যাটিং-গড় ৫০.৬৪, অথচ এই সময়ে ৩৫!তবে গম্ভীরের দাবি, সেঞ্চুরিই সবকিছু নয়, ‘এমন নয় যে প্রতি ইনিংসেই সেঞ্চুরি করতে হবে। মূল ব্যাপারটা হলো ওপেন করতে নেমে দলে অবদান রাখা। শুধু আমি নই, আরও অনেকেই সেঞ্চুরি পাচ্ছে না। বুঝি না লোকে কেন শুধু সেঞ্চুরির কথা বলে। দক্ষিণ আফ্রিকায় আমি ৯৩ রান করেছি, অস্ট্রেলিয়ায় ৮৫-এর মতো (৮৩)...ওই দুই ইনিংসে ৭ আর ১৫ রান বেশি করলেই সেঞ্চুরি নিয়ে কথা হতো না।’ ওয়েবসাইট।