গরমই প্রধান চ্যালেঞ্জ ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ড। ভালো ফর্মে থাকলেও আগামীকাল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা বেশ কঠিনই হবে বলে অভিমত ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম গুচের। এই সফরে সাফল্যের জন্য আক্ষরিক অর্থেই ঘাম ঝরাতে হবে স্ট্রাউস-বাহিনীকে। শ্রীলঙ্কার অত্যধিক গরম আবহাওয়াই সফরকারীদের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্ট। ব্যাটিং কোচ গ্রাহাম গুচ বলেছেন, ‘এ ধরনের আবহাওয়া ইংলিশ ক্রিকেটারদের জন্য অস্বাভাবিক। আমরা এত গরমের মধ্যে কখনোই খেলি না।’ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটাতে দুই পেসার ও দুই স্পিনারের চমত্কার সমন্বয় নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। এবার শ্রীলঙ্কা সফরেও হয়তো একই রকমের বোলিং আক্রমণ দেখা যাবে। কিন্তু অন্য রকম আবহওয়ার জন্য বোলিং রণকৌশলও হয়তো কিছুটা পরিবর্তন করবে তারা। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন বলেছেন, ‘পেসারদের জন্য পরিস্থিতি হয়তো কিছুটা ভিন্ন রকম হতে পারে। কারণ এই গরমে দীর্ঘ সময় ধরে একটানা বল করাটা কঠিন হয়ে পড়বে। আমাদের হয়তো বোলিং স্পেল কিছুটা কমিয়ে ফেলতে হতে পারে।’ রয়টার্স।