
ইতালির অবস্থা অনেকটা উত্তপ্ত কড়াই থেকে ফুটন্ত উনুনে। আমাজন জঙ্গলের শহর মানাউসের গরমে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল গত ম্যাচে। সেদিন ‘কুলিং ব্রেক’ না দেওয়ায় পর ফিফাকে একহাত নিয়েছিলেন প্রানদেল্লি-কিয়েলিনিরা। আজ কুলিং ব্রেক না পেলে ইতালিয়ানরা কী করবেন, কে জানে! সেদিনের ম্যাচ হয়েছিল সন্ধ্যা ৭টায়, আজ রেসিফেতে ম্যাচ দুপুর ১টায়! গত কনফেডারেশনস কাপে এই রেসিফেতে জাপানের বিপক্ষে ম্যাচটির কথা মনে করে পরশুও অাঁতকে উঠলেন ড্যানিয়েলে ডি রসি, ‘উফ্ফ ... সেদিন তো গরমে প্রায় মারা যাচ্ছিলাম!’ এই প্রচণ্ড গরমে ইতালির প্রতিপক্ষ আজ টগবগ করে ফুটতে থাকা কোস্টারিকা। তা ‘ঠান্ডা বিরতি’ থাকুক না-থাকুক, কোস্টারিকানদের ঠান্ডা করা কিন্তু সহজ হবে না ইতালির জন্য। এই আবহাওয়াতে খেলতেই যে অভ্যস্ত কোস্টারিকা! এই আশীর্বাদকে যে কাজে লাগাতে চাইবে কোস্টারিকানরা, সেটা রাখঢাক না রেখেই বলছেন দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান বোলানস, ‘ওদের দলটা দারুণ। বালোতেল্লির মতো ম্যাচ উইনার, পিরলোর মতো বল প্লেয়ার আছে। ওদের প্রতি আমাদের অনেক সমীহ। তবে আশা করি আবহাওয়ার সুবিধা আমরা অনেকটাই পাব। এই কন্ডিশনে খেলতে আমরা অভ্যস্ত।’
এমনিতে ইতালি-কোস্টারিকা ম্যাচের আগে আবহাওয়া আলোচনায় থাকার কথা ছিল না। ইতিহাস-ঐতিহ্য-শক্তি, সবিকছু মিলিয়ে ব্যবধান এত বেশি যে আবহাওয়ার সুবিধা নিয়েও ইতালির মাথাব্যথার কারণ হয়ে ওঠার কথা নয় কোস্টারিকার। কিন্তু পারফরম্যান্স দিয়েই সমীহটা আদায় করে নিয়েছেন কোস্টারিকানরা। তাদের ভাবা হচ্ছিল ‘গ্রুপ অব ডেথে’র তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের ‘খাদ্য’। প্রথম ম্যাচে উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে উল্টো তারাই এখন ভয়ের কারণ। শুধু জিতেছে বলেই নয়, যেভাবে খেলে হারিয়েছে উরুগুয়েকে, মৃত্যুকূপকে নতুন এক মাত্রা দিয়েছে তা। গরমে কাবু হওয়াটাও তাই ভাবাচ্ছে ইতালিয়ানদের।
গরমকে টেক্কা দেওয়ার উপায় অবশ্য একটা বের করে ফেলেছেন সিজারে প্রানদেল্লি। যে টুর্নামেন্ট টিকি-টাকার মৃত্যু ঘোষণা করছে বলে ধারণা সবার, সেই টুর্নামেন্টেই ইতালি কোচ দেখিয়েছেন টিকি-টাকার ইতালীয় সংস্করণ, টিক-ইতালিয়া! খুব বেশি ক্লান্তি যাতে অাঁকড়ে না ধরে তাই প্রথম ম্যাচে ছোট ছোট পাসে খেলেছে ইতালি। পিরলো-ডি রসিদের সৌজন্যে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী প্রদর্শনী হলো দারুণ সফল। ডি রসি তাই কোস্টারিকা-বাধা জয়েও আত্মবিশ্বাসী, ‘প্রথম ম্যাচের অমন জয়ের পর ওরা তেতে থাকবে অবশ্যই। হালকাভাবে নেওয়ার তাই প্রশ্নই আসে না। তবে আমরা যদি নিজেদের মতো খেলতে পারি তাহলে আশা করি, সত্যি বলতে আমি নিশ্চিত, কোস্টারিকাকে হারিয়ে দ্বিতীয় পর্বের িটকিট পাব।’
গোলবারে অধিনায়ক জিয়ানলুইজি বুফনের ফেরা নিশ্চিত নয় আজও। তবে মাঠের নেতা আন্দ্রেয়া পিরলো তো আছেন! সেদিনের মতো আজও যদি নিখুঁত পাসের সেঞ্চুরি করতে পারেন, গরম আর কোস্টারিকা, দুটিকে জয় করতেই খুব সমস্যা হওয়ার কথা নয় ইতালির। তথ্যসূত্র: এএফপি, ওয়েবসাইট।