গরমে জেরবার অস্ট্রেলিয়ান ওপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণ। অস্ট্রেলিয়ান ওপেনে একটু স্বস্তি পেতে বরফ চিকিত্সার আশ্রয় নিচ্ছেন খেলোয়াড়েরা। পরশু মারিয়া শারাপোভা গায়ে দিলেন বরফের জ্যাকেট, ডেভিড ফেরার কাল আইসব্যাগ দিয়ে নিজেকে জুড়িয়ে নিচ্ছেন । এএফপি ও রয়টার্স
প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণ। অস্ট্রেলিয়ান ওপেনে একটু স্বস্তি পেতে বরফ চিকিত্সার আশ্রয় নিচ্ছেন খেলোয়াড়েরা। পরশু মারিয়া শারাপোভা গায়ে দিলেন বরফের জ্যাকেট, ডেভিড ফেরার কাল আইসব্যাগ দিয়ে নিজেকে জুড়িয়ে নিচ্ছেন । এএফপি ও রয়টার্স

এবারের অস্ট্রেলিয়ান ওপেন ঠিক যেন ফুটন্ত কড়াই। আর সেই কড়াইয়ে পড়ে খেলোয়াড়েরা রীতিমতো সেদ্ধ। মেলবোর্নের মাত্রা ছাড়ানো তাপমাত্রায় গত দুই দিনে কেউ কেউ মূর্ছা গেছেন, বমিও করেছেন কেউ কেউ। প্রথম রাউন্ডে নাম প্রত্যাহার করেছেন রেকর্ড নয়জন! এঁদের কেউ ম্যাচের মাঝপথে অবসর নিতে বাধ্য হয়েছেন, অনেকে মাঠেই নামেননি। তবে এই গরমের সঙ্গে লড়েই কাল তৃতীয় রাউন্ডে উঠে গেছেন দুই শিরোপাপ্রত্যাশী নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস।
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার লিওনার্দো মায়ারকে ৬-০, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২৩তম জয় পেয়েছেন গত তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। অন্যদিকে মেয়েদের বিভাগের ফেবারিট সেরেনা মাত্র ৬৩ মিনিটেই হারিয়েছেন সার্বিয়ার ভেসনা দোলোনসকে। জয়ের পর ১৭ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ম্যাচের চেয়ে গরম নিয়েই বেশি কথা বললেন, ‘খুবই কঠিন পরিবেশ। গতকাল তো উদ্ভ্রান্তের মতো অনেক রাত পর্যন্ত জেগে ছিলাম।’
২০০৯ সালে এই গরমের কাছে হার মেনেই কোয়ার্টার ফাইনালে ম্যাচ ছেড়ে দিয়েছিলেন জোকোভিচ। তবে এবার ৪০ ছুঁই-ছুঁই তাপমাত্রায়ও কোনো সমস্যা ছাড়াই খেলে গেছেন সার্বিয়ান তারকা। শারীরিক ও মানসিক শক্তিকেই কারণ দেখিয়েছেন জোকোভিচ, ‘আমি শারীরিকভাবে শক্তিশালী হয়েছি, মানসিকভাবেও। এই ধরনের পরিবেশে খেলতে এগুলো বড় ভূমিকা রাখে।’
অস্ট্রেলিয়ান ওপেন সয়লাব হয়ে গেছে আইস প্যাক ও এনার্জি ড্রিংকসে। পরশু কানাডার ফ্র্যাঙ্ক ডানসেভিচ মূর্ছা যাওয়ার পর ও চীনের পেং শুয়াই বমি করে কোর্ট ভাসানোর পর এটাই স্বাভাবিক ছিল। কাল তো ম্যাচের মাঝপথে সরে দাঁড়ানোর পর ক্রোয়েশিয়ার ইভান দদিগ দাবি করলেন জীবন নিয়ে সংশয়ে ছিলেন, ‘আমি ভাবছিলাম, এখানে মারাও যেতে পারি। এই পরিবেশে খেলাটা মেনে নেওয়া যায় না।’ এএফপি।