গরমে বন্ধই ছিল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে কাল সত্যিই দুর্দান্ত ছিলেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্লোভেনিয়ার ব্লাজ কাভচিচকে হারালেন সহজেই  ।  এএফপি
নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে কাল সত্যিই দুর্দান্ত ছিলেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্লোভেনিয়ার ব্লাজ কাভচিচকে হারালেন সহজেই । এএফপি

অস্ট্রেলিয়ান ওপেনে এবার শুরুর দিন থেকেই গরমের দাপটে টেকা দায়। সেই গরমই কাল চরম রূপ নিল মেলবোর্নে। তাপমাত্রা এতটাই বাড়ল যে আয়োজকেরা কাল আর ঝুঁকি নেননি। থার্মোমিটারে পারদটা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ামাত্রই ‘চরম তাপমাত্রা নীতি’র আশ্রয় নিলেন তাঁরা। কয়েক ঘণ্টার জন্য স্থগিত করা হলো বেশ কয়েকটা ম্যাচ, ছাদে ঢেকে দেওয়া হলো প্রধান দুটি কোর্ট। চমকের অবশ্য বাকি ছিল আরও। সবাই যখন আবার খেলা শুরুর অপেক্ষায়, সবাইকে অবাক করে নেমে এল বজ্রসহ ঝড়-বৃষ্টি। সূচিটা এলোমেলো হয়ে গেল পুরোই। এর মধ্যে সপ্তাহের সবচেয়ে বড় অঘটনের শিকার হয়ে এবারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন পঞ্চম বাছাই হুয়ান মার্টিন দেল পোত্রো। তিনি হেরে গেছেন বিশ্বের ৬২ নম্বর খেলোয়াড় স্পেনের রবার্তো বাউতিস্তার কাছে।
তবে এই বিশৃঙ্খলা টলাতে পারেনি রাফায়েল নাদাল, রজার ফেদেরার, অ্যান্ডি মারেদের। শীতাতপনিয়ন্ত্রিত ছাদে ঘেরা কোর্টে খেলা পুরুষ টেনিসের বড় এই তিন তারকা কাল উঠে গেছেন তৃতীয় রাউন্ডে। নিজের সেরা সময়ের কথা মনে করিয়ে দিয়ে স্লোভেনিয়ার ব্লাজ কাভচিচকে হারিয়েছেন ফেদেরার। ফেবারিট নাদাল হারিয়েছেন বিশ্বের ৫৭০ নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ার থানাসি ককিনাকিসকে। মারে জিতেছের ফ্রান্সের ভিনসেন্ট মিয়োর বিপক্ষে।
মেয়েদের এককে জিতেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভাও। আজারেঙ্কা সহজ জয় পেলেও শারাপোভার কানের পাশ দিয়ে চলে গেছে গুলি। তপ্ত কড়াই হয়ে ওঠা কোর্টে তিন ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে ইতালির কারিন নাপকে ৬-৩, ৪-৬, ১০-৮ গেমে হারিয়েছেন রুশ তারকা। এএফপি।