
গোল করার সঙ্গে সঙ্গে দুই হাত ছড়িয়ে ওপরের দিকে তাকালেন। নিঃসীম আকাশে কাউকে খুঁজছিলেন? হতে পারে, ধন্যবাদ জানাচ্ছিলেন ঈশ্বরকে। বিশ্বকাপে ৩ গোল করা তো এনার ভ্যালেন্সিয়ার কাছে রীতিমতো রূপকথা। সান লরেঞ্জোর সেই ছেলেটা এত দূর চলে আসবে সেটা কি কেউ ভাবতে পেরেছিল?
ভাবতে পারেননি ইকুয়েডরের এই স্ট্রাইকারও। ভ্যালেন্সিয়া বললে এখনো সবাই ম্যানচেস্টার ইউনাইটেডের আন্তোনিও ভ্যালেন্সিয়াকেই চেনেন। কিন্তু বিশ্বকাপ পরিচয় করিয়ে দিল আরেক ভ্যালেন্সিয়াকে—এনার ভ্যালেন্সিয়া। এই ভ্যালেন্সিয়ার বেড়ে ওঠার গল্পটা রীতিমতো চলচ্চিত্রের এক চিত্রনাট্য।
ইকুয়েডরের এসমারেলদা প্রদেশের সান লরেঞ্জোতে তাঁর জন্ম। বেড়ে ওঠাও সেখানে। বাবা ছিলেন গোয়ালা, দুধ বেচে সংসার চালাতেন। এনারও সাহায্য করতেন বাবাকে। তার ফাঁকে ফাঁকে চলত ফুটবল। কিন্তু ফুটবল খেলতে তো বুট লাগে, সেটা জোগাড় হবে কোত্থেকে? দুধ বেচেই কেনা হলো বুট। ফুটবলার হওয়াটা ছিল এনার স্বপ্ন, ‘গ্রামে আমি যখন ছোটবেলায় দুধ বিক্রি করতাম, তখন থেকেই আমার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখার শুরু । গ্রামে দুধ বিক্রি করে আমি বুট কিনেছিলাম।’
বুট কেনা হলো। খেলতে থাকেন পাড়ায়। এই খেলতে খেলতেই চোখে পড়েন স্থানীয় ক্লাব কারিবে জুনিয়রে। মজার ব্যাপার, ইকুয়েডর দলেরই বিখ্যাত সতীর্থ আন্তোনিও ভ্যালেন্সিয়াও ক্লাব ক্যারিয়ারের শুরু ওই ক্লাবে। কারিবে জুনিয়র থেকে ২০০৮ সালে ক্লাব বদলে চলে আসেন এমেলেকে। কিন্তু থিতু হতে পারছিলেন না। খেলছিলেন উইঙ্গার হিসেবে, যেটি তাঁর আসল জায়গা নয়। বদলে যাওয়ার শুরু এখনকার চিলি কোচ হোর্হে সামপাওলি এমেলেকে আসার পর।
তবে ঠিক স্ট্রাইকার হয়ে ওঠাটা আরও পরে। গত বছর স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনিতেজের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে আসে ইকুয়েডরে। সন্তাপ ছাড়িয়েও বড় প্রশ্ন দেখা দেয়, কে জায়গা নেবেন তাঁর? মূলত এনার ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার হয়ে ওঠার শুরু তখনই। গত নভেম্বরে হন্ডুরাসের সঙ্গে প্রথম আন্তর্জাতিক গোল পান।
এ বছরেই পাড়ি জমান মেক্সিকোর ক্লাব পাচুকাতে। আলো জ্বালানো এখানেই। প্রথম মৌসুমে ১২ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর দেশের হয়ে কিছুদিন থেকেই তো দুর্দান্ত ফর্মে। গত ছয় ম্যাচে ইকুয়েডরের হয়ে তাঁর ৭ গোল। তবে এবারের বিশ্বকাপে যা করেছেন, সেটা দূরতম কল্পনাতেও ছিল না। ৩ গোল করে এর মধ্যেই ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপে করা স্বদেশি কিংবদন্তি অগাস্টিন দেলগাদোর রেকর্ড। গোল্ডেন বুটের লড়াইয়ে মুলার, ফন পার্সি, রোবেন, বেনজেমাদের সঙ্গে আছেন তিনিও। এর মধ্যে নিউক্যাসল, টটেনহামসহ বেশ কিছু ক্লাবের চোখ পড়েছে তাঁর ওপর।
কে ভাবতে পেরেছিল, সেদিনের গরিব গোয়ালার ছেলে নিজেকে এই উচ্চতায় নিয়ে যাবেন?