গরিব ঘরের 'মেধাবী ছাত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসাধারণ পারফরম্যান্সে চমকে দিয়েছে পুঁচকে এইবার। এখন লা লিগায় খেলায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ।
অসাধারণ পারফরম্যান্সে চমকে দিয়েছে পুঁচকে এইবার। এখন লা লিগায় খেলায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ।

খবরের কাগজে ‘অদম্য মেধাবী’দের গল্প প্রায়ই দেখা যায়। এ গল্পটিও অনেকটা এ রকমই। অনেক কাঠখড় পুড়িয়ে কোনো দরিদ্র মেধাবী সুযোগ পেয়েছে মেডিকেল কলেজে। কিন্তু তাতেও কপালে চিন্তার ভাঁজ দূর হচ্ছে না মেধাবী শিক্ষার্থীর। বরং বাড়ছে। কলেজে ভর্তি হওয়া, তারপর পড়াশোনা চালিয়ে নেওয়া—অনেক খরচান্ত ব্যাপার। তখন একটি প্রশ্ন এসে দাঁড়ায়—শুধু অর্থের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাবে? একই প্রশ্ন ‘এইবারে’র ক্ষেত্রেও—শুধু অর্থের কারণে কি লা লিগা খেলা হবে না দলটির?

সদ্যসমাপ্ত মৌসুমে স্প্যানিশ দ্বিতীয় বিভাগে দুর্দান্ত খেলেছে স্পেনের বস্ক অঞ্চলের পুঁচকে দল এইবার। দ্বিতীয় বিভাগে ৪০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এ সাফল্যে আগামী মৌসুমে লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। কিন্তু শুধু ভালো ফল করলে তো হবে না, পেশাদার ফুটবলে অর্থও অনেক বড় নিয়ামক। সেখানে যে যোজন যোজন পিছিয়ে এইবার।

যদিও ক্লাবটি ঋণমুক্ত। প্রায় পাঁচ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামও রয়েছে। কিন্তু মূল সমস্যা অর্থ-কড়িতে। পরবর্তী মৌসুমে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদের মতো ‘দৈত্য’দের সঙ্গে খেলতে হলে দলটিকে ৬ আগস্টের মধ্যে ১৭ লাখ ইউরোর তহবিল গঠন করতে হবে। কথা হলো, এ স্বল্প সময়ে ক্লাবটি কি পারবে এত টাকা জোগাড় করতে? যদি নির্দিষ্ট সময়ে টাকা জোগাড় না হয় তাহলে কি খেলা হবে না লিগে? এ যেন সেই গরিব মেধাবী ছাত্রের গল্পের মতো। মেধাবী ছাত্রের এ অনিশ্চয়তার খবর জেনে যেমন সমাজের বিত্তবান মহত্ মনের মানুষ এগিয়ে আসেন, এইবারের ক্ষেত্রেও তা-ই।

দলটির তহবিল জোগাড় করতে হাত বাড়িয়ে দিয়েছেন রিয়াল তারকা জাবি আলোনসো ও তাঁর মাদ্রিদ সতীর্থ ইয়ারামেন্দি। বলে নেওয়া ভালো, আলোনসোর বাড়ি কিন্তু বস্কেই। একসময় খেলেছেন পুঁচকে দলটিতেই। ক্লাব সভাপতি অ্যালেক্স আরানজাবাল দল লা লিগায় উন্নীত হওয়ার আগে অর্থাত্ বছরের শুরুতে বলেছিলেন, ‘এ মুহূর্তে এইবারের দুটি চ্যালেঞ্জ—একটি মাঠে, অন্যটি মাঠের বাইরে। তবে মানুষ আর্থিক বিষয়াদি ছাপিয়ে এইবারকে দেখে খেলাধুলায় এক আদর্শ হিসেবে। কিন্তু ঘড়ি এখন টিকটিক করা শুরু করেছে।’ অর্থাত্ দ্রুত সময়ে অর্থের জোগানের কথাই বলেছিলেন ক্লাব সভাপতি। কয়েক মাস পরে দেখা যাচ্ছে, ঘড়ির কাঁটা দেখতে দেখতে ১২টার দাগে এসে পড়েছে! এএফপি ও ওয়েবসাইট।