গরু নিয়ে ভাবনা আর না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা ও ঈদুল আজহা পিঠাপিঠি সময়ে। দেশের প্রধান দুটি ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিয়ে প্রশাসন এখন থেকেই ছক সাজাচ্ছে। একই সময়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড চট্টগ্রাম টেস্ট। তা নিয়েও কম ভাবনা নয় স্থানীয় প্রশাসনের। তবে এ ক্ষেত্রে মানবসৃষ্ট সমস্যার চেয়েও সাগরিকা পশুর হাটের জন্য তৈরি হওয়া প্রতিবন্ধকতা সামনে আসছে বারবার।
জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের প্রবেশমুখের সড়কটির দুই পাশজুড়ে প্রতিবছর বসে গরুর হাট। এবারও ঈদের আগে এমনটি হওয়ার কথা। সে হিসেবে ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দুই দলকেই পড়তে হবে বিড়ম্বনায়। তবে সেই
বিড়ম্বনা থেকে বাঁচার উপায় খুঁজছে প্রশাসন।
হাটটি সাময়িকভাবে উত্তর দিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিসিবি, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে বসে একটি সিদ্ধান্ত নিয়েছে। ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান জানান, ‘সিদ্ধান্ত হয়েছে কোনো গরু স্টেডিয়ামমুখী মূল সড়কে আসবে না। শুধু বেচাকেনা নয়, ওই সড়ক দিয়ে গরু নিয়ে যাওয়াও যাবে না। হাটটি আরিফ হোটেল এলাকায় বিস্তৃত হবে।’
অর্থাৎ প্রতিদিন বসা সাগরিকা পশুর হাটটি মূল বাজারের মাঠ হয়ে উত্তর দিকে বা অলঙ্কারের পাশ পর্যন্ত বিস্তৃত হবে। এ ক্ষেত্রে স্টেডিয়ামমুখী খেলোয়াড় ও মানুষের বিড়ম্বনা কমবে। তবে সড়কে গরুর চলাফেরা নিয়ন্ত্রণের জন্য পুলিশকে আলাদা পরিকল্পনা করতেই হচ্ছে। কারণ গরুর নিয়ন্ত্রণকর্তা তো সেই মানুষই। এত দিনের অভ্যাস কি মানুষ ভুলতে পারবে? কাজটা একটু কঠিনই।
সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং) উখ্যা সিং বললেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। আমরা বলেছি যাতে গরু রাস্তায় না আসে। এ জন্য বিশেষ নজর থাকবে আমাদের। এখন দেখা যাক।’
পুলিশের ভাবনা কেবল হাটে সীমাবদ্ধ নয়। দুটি বড় ধর্মীয় উৎসবের পাশাপাশি খেলার সার্বিক নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে। কারণ ঈদের আগে চুরি-ছিনতাই-ডাকাতির প্রবণতা বাড়ে। এ ছাড়া পূজামণ্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তাও বড় চ্যালেঞ্জ।
উখ্যা সিংয় বলেছেন, ‘আমরা চতুর্মুখী সমস্যায় পড়েছি। প্রতিটি মণ্ডপে নিরাপত্তার পাশাপাশি ঈদের কেনাবেচার নিরাপত্তা। আর এখন থেকেই প্রতিদিন আমরা বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলোয়াড়দের পেছনে ছুটছি। খেলার সময় আরও বেশি ফোর্স দরকার।’
৯ অক্টোবর টেস্ট শুরুর এক দিন পরই শুরু হবে দুর্গাপূজা। টেস্টের পর্দা নামার দিন বিজয়া দশমী। এর এক দিন পরই পবিত্র ঈদুল আজহা।