
‘স্টেইন’ গানের গুলি কি ফুরিয়ে গেল? প্রশ্নটা উঠে গিয়েছিল। জোহানেসবার্গ টেস্টে একটি মাত্র উইকেট, সতীর্থ ফিল্যান্ডারের কাছে র্যাঙ্কিং শ্রেষ্ঠত্ব সমর্পণ। সংক্ষিপ্ত হয়ে যাওয়া ডারবানের প্রথম দিনটাও কাটল মাথা কুটে। দুই টেস্ট মিলিয়ে টানা ৬১ ওভারে উইকেটশূন্য। কাল দ্বিতীয় দিনে যোগ হলো আরও আটটি নিষ্ফলা ওভার।
ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ উইকেট-খরা কাটানোর পর স্টেইনের মনের মধ্যে একটা ঝড় তো বইছিলই। তার পরই যে দুরন্ত গতিতে ছিঁড়ে-খুঁড়ে ফেললেন ভারতীয় ব্যাটসম্যানদের। দুই ওভারের মধ্যে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফেরালেন দলকে। পরে আবারও দুই ওভারের মধ্যে তুলেছেন আরও ৩ উইকেট। ৬/১০০—গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে জোহানেসবার্গে ৫ উইকেটের পর আবারও ৫ উইকেট পেলেন এই ফাস্ট বোলার। পাঁচ ম্যাচের বিরতি দিয়ে এল টেস্টে স্টেইনের ২২তম ৫ উইকেট। বড় রানের দিকে ছোটা ভারত অলআউট ৩৩৪ রানে। দিন শেষে ২০ ওভারে বিনা উইকেটে দক্ষিণ আফ্রিকা করেছে ৮২ রান।
আলোকস্বল্পতায় প্রথম দিনটা শেষ হয়েছিল ২৯ ওভার আগে। ক্ষতিটা পুষিয়ে নিতে কাল আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল খেলা। খেলা আগে তো শুরু হয়ইনি, উল্টো বৃষ্টিতে পিছিয়েছে ঘণ্টা তিনেক। খেলা শুরুর প্রতীক্ষা ফুরিয়েছে, তবে দেশের বাইরে প্রথম সেঞ্চুরির জন্য মুরালি বিজয়ের অপেক্ষা আর ফুরোয়নি। সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থেকেই দিন শুরু করা বিজয় থেমেছেন তিন অঙ্ক থেকে ৩ রানের দূরত্বে। নড়বড়ে নব্বইয়ে
৪৭ বল কাটানোর পরই স্টেইনের হাতে মুক্তি মিলেছে এই ওপেনারের। স্টেইনের শর্ট বলটা বিজয়ের গ্লাভস ছুঁয়ে আশ্রয় নেয় উইকেটকিপার এবি ডি ভিলিয়ার্সের হাতে। এর আগের ওভারে পূজারাকেও ডি ভিলিয়ার্সের ক্যাচ বানিয়ে ভেঙেছেন ১৫৭ রানের জুটি। উইকেটে এসে প্রথম বলটাকে দেখেশুনে ছেড়েই দিয়ে বোল্ড রোহিত। ১ উইকেটে ১৯৮ থেকে মুহূর্তেই ভারতের স্কোর ৪ উইকেটে ১৯৯।
পরের ওভারের প্রথম বলে চার মেরে স্টেইনের হ্যাটট্রিক ঠেকান বিরাট কোহলি। এরপর অজিঙ্কা রাহানেকে নিয়ে কোহলির ৬৬ রানের জুটি। জোহানেসবার্গে খোঁচা মেরে জোড়া সেঞ্চুরি হারানো কোহলি কালও করেছেন একই কাজ। মরকেলের বলটাকে ফ্লিক করতে গিয়ে ডি ভিলিয়াসের্র অসাধারণ এক ক্যাচ হয়ে ফিরেছেন ৪৬ রানে।
সঙ্গী রাহানে অবশ্য পেয়েছেন ফিফটি। এক প্রান্ত ধরে রেখে ৫১ রানে অপরাজিত থেকেছেন ষষ্ঠ উইকেটে ধোনির সঙ্গে ৫৫ রানের জুটি গড়া এই তরুণ। এর পরই স্টেইনের আরেকটি দুর্দান্ত স্পেল, ভারত অলআউট ৩৩৪ রানেই। তথ্যসূত্র: ক্রিকইনফো, টেন ক্রিকেট।