গর্ব কাতালানদেরও
প্রশ্ন: দুর্দান্ত খেলা এই স্পেনকে হারাতে পারবে কোন দল? উত্তর: কাতালোনিয়া!আপনি ফুটবলের পাঁড় অনুসারী না হলে উত্তরটা পড়ে ভিরমি খেতে পারেন। কাতালোনিয়া? এ আবার কোন দেশ! না, ঠিক দেশ নয়; আবার দেশও। স্পেনের ১৭টি স্বায়ত্তশাসিত রাজ্যের একটি। কিন্তু তার পরও নিজেদের আলাদা একটি দেশই ভাবে কাতালানরা। ফিফা কিংবা উয়েফা স্বীকৃতি না দিলেও আলাদা একটি জাতীয় দলও আছে তাদের। ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ এখন সেই দলের কোচ আর বার্সেলোনা গোলরক্ষক ভিক্টর ভালদেস সেই দলের অধিনায়ক।স্বাধীনচেতা কাতালানদের প্রতীক হয়ে গেছে রাজ্যের রাজধানী বার্সেলোনার ক্লাবটি। বার্সেলোনা তাই ‘মোর দ্যান আ ক্লাব’। এ কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা জিতলে সেটি শুধু ফুটবলীয় একটা জয় থাকে না, কাতালোনিয়ার মানুষ অন্য রকম শ্লাঘা বোধ করেন। রিয়াল মাদ্রিদ যে শেষ পর্যন্ত রাজা আর বার্সা যে হয়ে গেছে প্রজাদের দল!সেই বার্সেলোনারই আট-আটজন খেলোয়াড় আছে স্পেনের এই দলে। কার্লোস পুয়োল, জেরার্ড পিকে, জাভি হার্নান্দেজ, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, পেদ্রো রদ্রিগেজ, ভিক্টর ভালদেস ও ডেভিড ভিয়া। জার্মানির বিপক্ষে সেমিফাইনালের প্রথম একাদশে ছিলেন এঁদের সাতজনই!কাতালোনিয়া জাতীয় দলেও খেলেন এমন খেলোয়াড়দের মধ্যে আছেন পুয়োল, পিকে, ভালদেস, জাভি, বুসকেটস। বার্সায় খেলেন না, তবে স্পেনের এই দলটার অন্যতম সদস্য হুয়ান ক্যাপডেভিয়াও জন্মসূত্রে কাতালোনিয়ারই। ইনিয়েস্তার জন্ম অন্য রাজ্যে হলেও ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন বার্সেলোনায়।সব মিলে স্পেনের এই জয়টায় কাতালোনিয়ার মানুষের গর্ব কিন্তু কম নয় মোটেও। বরং আর সবার চেয়ে হয়তো বেশিই! সবচেয়ে বেশি গর্ব হচ্ছে এই ভেবে, কাতালোনিয়ার ঘরের ছেলে পুয়োলের মাথা ছুঁয়েই এসেছে সেই গোলটি, যেটি স্পেনকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো তুলে নিয়ে গেছে বিশ্বকাপের ফাইনালে।ক্লাব পর্যায়ে বার্সা-মাদ্রিদের সম্পর্ক এতটাই ‘গাঢ়’ দুই দলের সমর্থকেরা যেন একে অন্যের ছায়া মাড়াতেও নারাজ। একইভাবে মাদ্রিদভিত্তিক পত্রিকাগুলো বরাবরই বার্সার কৃতিত্বকে খুব একটা পাত্তা দেয় না, বার্সেলোনার পত্রিকাগুলোয়ও যেমন খুব বেশি খুঁজে পাবেন না রিয়ালের সাফল্যগাথা। কিন্তু পরশু ওই জয়ের পর এএস, এল মুন্ডো, এবিসি, এল পাইস-এর মতো পত্রিকাগুলোয়ও পুয়োলের বড় ছবি। এই মোক্ষম সময়ে মাদ্রিদের অভিজাতদের অহংবোধে খোঁচা দেওয়ার সুবর্ণ সুযোগ কাতালোনিয়া ছাড়বে কেন! পরশুর সেমিফাইনালে যে সেরা একাদশে রিয়ালের খেলোয়াড় ছিলেন মাত্র তিনজন।কাতালানের একটি পত্রিকা আভুই যেমন লিখেছে, স্পেন নয়, এই দলটা আসলে কাতালোনিয়ার, ‘এই দলটাকে ওরা লা ফুরিয়া রোজা বলে দলের লাল জার্সিটার কারণে। কিন্তু ভিসেন্তে দেল বস্কের এই দলের আত্মা তো আসলে ব্লগ্রানারই (বার্সার জার্সির রং)।’ দরকার ছিল না, তার পরও আরেক কাতালান পত্রিকা মুন্ডো দেপোর্তিভো মনে করিয়ে দিল, ‘কেবল বার্সা অধিনায়কই কিন্তু গোল করতে পেরেছেন।’ এএফপি।