গর্ব নিয়েই যাচ্ছেন ফন গাল

বিশ্বকাপের আগে হল্যান্ড শেষ চারে খেলবে বললে অনেকেই বিস্মিত হতেন। যে দলটা দুই বছর আগে ইউরোতে একটা ম্যাচও না জিতে বিদায় নিয়েছে তারা যাবে সেমিফাইনালে? শিরোপার কথা না হয় বাদই থাকল। কিন্তু সেই হল্যান্ডই সবাইকে চমকে দিয়ে চলে গেছে শেষ চারে, টাইব্রেকারে না হারলে তো ফাইনাল পর্যন্তও চলে যেতে পারত। এখন লুই ফন গাল মাথা উঁচু করেই বিদায় নিতে পারবেন, ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় হওয়াটা এই হল্যান্ডের জন্য অনেক বড় প্রাপ্তি।
অথচ ডাচদের সেই চিরন্তন টোটাল ফুটবলের সঙ্গে এই দলের খেলাটা যেন ঠিক যায় না। লুই ফন গালের হল্যান্ড রক্ষণে অনেক বেশি আঁটসাঁট, পাল্টা-আক্রমণে দুর্দান্ত। ফন গাল গর্ব করে বলতে পারছেন, ‘আমরা এমন একটা ফুটবল খেলেছি যেটা হল্যান্ডের কেউ কল্পনাও করেনি।’ কিন্তু প্রথাগত ধারা থেকে বেরিয়ে এসে কেন এভাবে খেললেন? ফন গালের উত্তর থেকে তাঁর ক্ষুরধার ফুটবল-মস্তিষ্কের ধারণা পাওয়া যায়, ‘কোচকে তার দলে কেমন খেলোয়াড় আছে সেটার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সবকিছুই ঠিকমতো হয়েছে। যদিও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু আমরা খুব...খুব কাছে চলে গিয়েছিলাম।’ সীমিত সামর্থ্য নিয়ে এত দূর আসতে পারাটাই বেশি আপ্লুত করছে তাঁকে, ‘আমার মনে হয় এই ফলটা খেলোয়াড়দের প্রাপ্য। আমরা সাত ম্যাচে ১৫টি গোল করেছি, চারটি খেয়েছি। সফল একটা টুর্নামেন্ট পার করেছি। একজন কোচ এর চেয়ে বেশি আর কিছু চাইতে পারেন না।’
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে ফন গাল আগেও অসন্তোষ জানিয়েছিলেন। পরশু ব্রাজিলকে হারানোর পরও কিন্তু সেই ধারণা বদলায়নি, ‘অবশ্যই আমি আমার মত বদলাইনি। আমি এখনো বলব এই ম্যাচটা খেলার কোনো মানে নেই। তিন দিনের মধ্যে একটা দলকে প্রস্তুত করা সহজ নয়। ব্রাজিল আমাদের চেয়ে এক দিন সময় বেশি পেয়েছে। আমাকে বলতেই হবে, এই পরিস্থিতিতেও আমরা দুর্দান্ত একটা ম্যাচ খেলেছি।’
পরশুর ম্যাচ দিয়েই হল্যান্ডের সঙ্গে সম্পর্কটা চুকে যাচ্ছে ফন গালের। সামনের সপ্তাহেই দায়িত্ব নেবেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। অভিজ্ঞ গাস হিডিঙ্ক জায়গা নিচ্ছেন তাঁর। উত্তরসূরির জন্য ফন গালের শুভকামনা, ‘আমি শুনেছি দলের পরবর্তী কোচ দলকে ডাচ ধরনে খেলাবেন। আমিও এই ধরনে খেলিয়েছি, তবে নিজের মতো করে। সম্ভবত হল্যান্ডের মানুষের এখন চোখ খুলে যাবে। ফুটবল খেলাটা একটা ধরনেই খেলতে হবে, এমন নয়।’ এএফপি, ইয়াহু স্পোর্টস।