গর্বিত আলজেরিয়া কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সঙ্গে ১-১ ড্র করে সত্যি হয়েছে আলজেরিয়ার দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন। ম্যাচ শেষে আলজেরিয়ার খেলোয়াড়দের বাঁধভাঙা উচ্ছ্বাস l এএফপি
রাশিয়ার সঙ্গে ১-১ ড্র করে সত্যি হয়েছে আলজেরিয়ার দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন। ম্যাচ শেষে আলজেরিয়ার খেলোয়াড়দের বাঁধভাঙা উচ্ছ্বাস l এএফপি

রাশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম আর আলজেরিয়া৷ গ্রুপ ‘এইচ’ থেকে তারকাখচিত বেলজিয়াম আর ফ্যাবিও ক্যাপেলোর রাশিয়াই পাবে দ্বিতীয় পর্বের টিকিট, এমনটাই ভাবছিলেন সবাই৷ এশীয় ভক্তরা হয়তো আশায় বুক বেঁধেছিলেন, দক্ষিণ কোরিয়া ছিটকে দিতে পারে যেকোনো ইউরোপীয় দেশকে, কিন্তু আলজেরিয়া সবার বিচারে ছিল ‘বেচারা’৷ কিন্তু সব হিসাব উল্টে দিয়ে গ্রুপ থেকে শেষ ষোলোতে বেলজিয়ামের সঙ্গী হচ্ছে নন্দিত ফুটবল উপহার দেওয়া ‘মরু শিয়াল’রা৷
আলজেরিয়া এই প্রথম বিশ্বকাপের গ্রুপপর্বের বৈতরিণ পার হলো৷ আর তা সম্ভব হয়েছে খেলোয়াড়দের লড়াকু মনোভাবের কারণে৷ উচ্ছ্বসিত কোচ ভাহিদ হালিলহজিচ, ‘কোচ হিসেবে খেলোয়াড়দের এভাবে লড়তে দেখা স্বস্তিদায়ক৷ আশা করি জার্মানির সঙ্গে আমরা আরও ভালো করব৷ আমি জানি ব্রাজিলিয়ানরা সুন্দর ফুটবলের পূজারি৷ আমি আপনাদের আশ্বস্ত করছি, আমাদের খেলা আপনাদের মন ভরাবে৷’
‘জার্মানির মতো ফেবারিট না হলেও অনেকেই আমাদের সমর্থন দিচ্ছেন৷ আরব দেশগুলো তো আছেই, সাবেক যুগোস্লাভিয়ার দেশগুলোও আমাদের সমর্থন করছে, এমনকি ব্রাজিলও৷ আমাদের খেলা সবাইকে মুগ্ধ করেছে৷ দল নিয়ে আমি খুব গর্বিত’—বুকভরা
গর্বের অনুভূতি সাবেক পিএসজি কোচের৷
আলজেরিয়া একমাত্র দল, যাদের একাধিকবার সাক্ষাতেও হারাতে পারেনি জার্মানি৷ ১৯৮২ বিশ্বকাপে জার্মানিকে গ্রুপপর্যায়ে হারালেও শেষ ম্যাচে জার্মানি-অস্ট্রিয়া পাতানো ম্যাচ আলজেরিয়াকে যেতে দেয়নি দ্বিতীয় পর্বে৷ তবে সে ঘটনা নিয়ে ভাবছেন না হালিলহজিচ, ‘আমাকে এখন একটু আনন্দ করতে দিন৷ জার্মানিকে নিয়ে এখনই ভাবতে চাই না৷ তবে নিঃসন্দেহে পরীক্ষাটা বেশ কঠিন হবে৷’ রয়টার্স৷