গর্বিত ক্যাসিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি খেলার পর নতুন একটি রেকর্ড স্পর্শ করেছেন স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। ১২৭টি ম্যাচ খেলে তিনি এখন স্পেনের পক্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড়ের তালিকার শীর্ষে চলে এসেছেন। রেকর্ডগড়া এই ম্যাচটা অবশ্য খুব বেশি স্মরণীয় হয়ে থাকবে না ক্যাসিয়াসের জন্য। কারণ খুবই বাজে একটি ভুল করে গোল হজম করতে হয়েছে স্পেনের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে। ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাঁর দলকে। তবে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে পারার জন্য উচ্ছাস প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক।কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি শেষে ক্যাসিয়াস বলেছেন, ‘আমি যখন একদম ছোটবেলায় ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন ভাবতেও পারিনি যে, এই ধরণের রেকর্ড স্পর্শ করতে পারব। কিন্তু এখন এটাই বাস্তব। আমি অবশ্যই খুব খুশি।’ তবে দলে যে তাঁর জায়গাটা সবসময় পাকাপোক্ত অবস্থানেই থাকবে এমনটা নাকি কখনোই ভাবেন না সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্যাসিয়াস। তিনি বলেছেন, ‘প্রতিবারই যখন আমি জাতীয় দলের সঙ্গে যোগ দেই, তখন আমি মনে করি যে, এটাই হয়তো আমার শেষ সুযোগ। তবে স্পেনের পক্ষে বিগত ১১ বছর ধরে খেলে যেতে পারাটা সত্যিই খুব আনন্দের।’১১ বছরের ক্যারিয়ারে স্পেনের হয়ে ছয়টি বড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ক্যাসিয়াস। এর মধ্যে ২০০৮ সালের ইউরো কাপ ও ২০১০ সালে প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন এই ৩০ বছর বয়সী গোলরক্ষক।