
বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ২৫ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘২৫’ সংখ্যাটি নিয়ে—
বিশ্বকাপের ভেন্যু হিসেবে এই অবধি ব্যবহূত হয়েছে বিশ্বের মোট ২৪টি শহর। এর মধ্যে জার্মানির আট, ইতালির সাত, মেক্সিকোর পাঁচ আর ফ্রান্সের চারটি শহর ব্যবহূত হয়েছে দুইবার করে।
কারণ এ দেশগুলো একাধিকবার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে। জার্মানি ১৯৭৪ সালের পর ২০০৬ সালে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়। ইতালিতে ১৯৩৪ ও ১৯৯০ সালে বিশ্বকাপ আয়োজিত হয়। ১৯৭০ সালের পর কলম্বিয়ার অপারগতায় হঠাত্ করেই ১৯৮৬ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল মেক্সিকো।
এবারের বিশ্বকাপের পর একাধিকবার ব্যবহূত ভেন্যুর তালিকায় যোগ হবে ব্রাজিলের বেশ কয়েকটি শহরের নাম। বেলো হরিজন্তে, কুরিতিবা, পোর্তো আলেগ্রে, রেসিফে, রিও ডি জেনিরো, সাও পাওলোর মতো শহরগুলো এই সংখ্যাকে নিয়ে যাবে ৩০—এ।
এর আগে একমাত্র ভেন্যু হিসেবে দুবার বিশ্বকাপ ফাইনালের গর্বিত আয়োজক ছিল মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর অ্যাজটেকার সঙ্গে ব্রাকেটবন্দী হবে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়াম।