গর্বিত স্মিথ, সতর্ক কারস্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড তো বটেই, দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল ইতিহাসও। ১৪ ম্যাচ খেলেও এখানে জয়ের স্বাদ ছিল না, সর্বশেষ তিন ম্যাচেই পেয়েছিল হারের তিক্ত স্বাদ। সিরিজের প্রথম টেস্ট ওভালে হওয়ায় ইংলিশদের স্বস্তি আর প্রোটিয়াদের শঙ্কার কারণ ছিল বৈকি। তবে গ্রায়েম স্মিথের দল যেন ইতিহাস নতুন করে লিখতেই এসেছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের লড়াইয়ে এগিয়ে গিয়েছে অসাধারণ এক জয়ে। মাত্র দুটি উইকেট হারাতে হয়েছে এই জয় পেতে, টেস্ট ইতিহাসে এই উদাহরণ আছে মাত্র চারটি! একদিক থেকে এটা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। উইকেটপ্রতি দুদলের রানের ব্যবধান ছিল ২৮৭.৫! স্মিথের কাছে এই জয় ‘অবিশ্বাস্য’ একটি ইনিংস আর বোলারদের ‘আদর্শ’ বোলিংয়ের ফসল। টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার জয়টাকে মনে হচ্ছিল দূর আকাশের তারা। ৩ উইকেটে ২৬৭ রান নিয়ে দিন শেষ করেছিল ইংল্যান্ড। ৫০০-৫৫০-এর আশেপাশে রানকে মনে হচ্ছিল খুবই সম্ভব, আর সেটা হলে জয়ের চিন্তা বাদ দিয়ে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নামতে হতো প্রোটিয়াদের। দ্বিতীয় দিনে বোলাররা দারুণ ভাবে ম্যাচে ফেরায় দক্ষিণ আফ্রিকাকে। ব্যাটিংয়ে নেমেও শুরুর ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকা রান পাহাড়ে চড়ে আমলা-ক্যালিস-স্মিথের ব্যাটে। এরপর মন্থর উইকেটেও ডেল স্টেইনের দুর্দান্ত বোলিংয়ে ইনিংস ব্যবধানে জয়। পেছন থেকে উঠে এসে র‌্যাঙ্কিং-শীর্ষ দলকে এমন উড়িয়ে দিয়ে জয়, স্মিথ স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত, ‘আমাদের জন্য এটা দারুণ গর্বের এক মুহুর্ত। এরকম বড় কোনো সিরিজে প্রথম টেস্টে জয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ। আর আমরা যেভাবে খেলেছি, অনুজ্জ্বল প্রথম দিনের পর যেভাবে দাপটে ফিরে এসেছি, এটা অবিশ্বাস্য।’জয়ের পর জ্যাক ক্যালিসের মনে পড়েছে মার্ক বাউচারের কথা। সেঞ্চুরি উদযাপনের সময়ই নিজের চোখ ছূঁয়ে বুঝিয়ে দিয়েছিলেন প্রিয় বন্ধুর প্রতি সহমর্মিতা। দূরে থাকলেও বাউচারকে দলের সঙ্গেই অনুভব করছেন ক্যালিস, ‘এভাবে ওর ক্যারিয়ার শেষ হওয়া ওর প্রাপ্য ছিল না। দলে ওর ছিল অনেক প্রভাব, আছে এখনও। সবাই ওকে অনুভব করছে, ভাবছে আজ যদি ও দলের সঙ্গে থাকত! সেঞ্চুরির পর চোখ ছুঁয়ে আমি স্রেফ ওকে বোঝাতে চেয়েছি যে আমাদের ভাবনায় এখনো ও ভালোমতোই আছে।’অসাধারণ এক জয়ের উচ্ছ্বাস ছুঁয়ে যাচ্ছে গ্যারি কারস্টেনকেও। তবে আবেগে বাধ দেওয়ার কাজটা তো একজনকে করতেই হবে! দলকে সতর্ক করে দিয়েছেন প্রোটিয়া কোচ, ‘আমরা জানি, আমরা বিশ্বের সেরা ক্রিকেট দল হতে চাই এবং আমরা জানি, সেটা আমাদের অর্জন করেই নিতে হবে। এখন পরবর্তী হার্ডলে চোখ রাখতে হবে। অনেক কাজ এখনও বাকি, মনযোগ সরালে চলবে না।’ইংল্যান্ডের ইনিংস ব্যবধানে হারের চেয়েও বিস্ময়কর ইংলিশ বোলারদের পারফরম্যান্স। সিরিজটাকে মনে করা হচ্ছিল বিশ্বের সেরা দুই বোলিং শক্তির লড়াই। কিন্তু ওভালে দুদলের বোলিং আক্রমণের ব্যবধান ছিল আকাশ-পাতাল। বিরুদ্ধ কন্ডিশনে দক্ষিণ আফ্রিকান বোলাররা প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিতে পারলেও ইংলিশ বোলাররা নিতে পেরেছেন মাত্র দুটি! স্ট্রাউস অবশ্য এক টেস্টের ব্যর্থতায় বোলারদের ওপর বিশ্বাস হারাচ্ছেন না, ‘আমাদের বোলিং আক্রমণ অসাধারণ। বিশ্বের বেশির ভাগ কন্ডিশনেই ২০ উইকেট নেওয়ার সামর্থ আছে ওদের। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হবে আমাদের। তবে আমাদের বোলাররা গত দুবছরে প্রায় প্রতি ম্যাচেই ২০ উইকেট করে নিয়েছে, এক টেস্টের ব্যর্থতা ওদের বাজে প্রমাণ করছে না।’স্ট্রাউসের দাবী হয়ত ঠিক। তাদের সামনে চ্যালেঞ্জ এখন আকাশ সমান। শুধু বোলারদের নয়, পরের টেস্টে ব্যাটসম্যানদের করতে হবে দারুণ কিছু। না পারলে ওই ম্যাচেই এক নম্বর জায়গাটা হারাতে হবে দক্ষিণ আফ্রিকার কাছে। হেডিংলিতে দ্বিতীয় টেস্ট শুরু ২ আগস্ট। ওয়েবসাইট। স্মিথের কন্যাভাগ্য!ক্রিকেট কিটব্যাগের সঙ্গে ছিল আরেকটা লাগেজ। মাঠ থেকেই বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ওভাল টেস্টের শেষদিন মাঠে এসেছিলেন গ্রায়েম স্মিথ। লন্ডনের ট্রাফিক জ্যাম পেরিয়ে দ্রুত হিথ্রো বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল একটা মোটকসাইকেল সাইডকারও। শেষ পর্যন্ত সেটার আর প্রয়োজন হয়নি। বোলারদের সৌজন্যে চা-বিরতির আগেই শেষ হয়েছে শেষ দিনের খেলা। সন্তানসম্ভবা স্ত্রী মরগান ডিয়ানের পাশে থাকার জন্য দেশেও উড়ে গেছেন স্মিথ। আজই আলোর মুখ দেখার কথা এই দম্পতির প্রথম সন্তানের। ইঙ্গিত পাওয়া গেছে কন্যা সন্তানের বাবা হচ্ছেন স্মিথ। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বলতেই পারেন, কন্যা ভাগ্যেই এই জয়!