
‘অসাধারণ এক ভ্রমণ ছিল।’ কদিন আগে মুম্বাইয়ে একজনের মুখনিঃসৃত কথাটি এখনো ভারী করছে ক্রিকেট বিশ্বের বাতাস। কথাটি তৃপ্তির হলেও শচীন টেন্ডুলকার যে বলেছিলেন বিদায়বেলায়! কাল ক্রিকেট বিশ্বের আরেক প্রান্তে একই কথা শোনা গেল আরেকজনের কণ্ঠে। তিনিও আনন্দদায়ী ব্যাটসম্যান, তাঁর ব্যাটও ছড়ায় বিনোদনের ফল্গুধারা। তবে এবার বাতাস ভারী হচ্ছে না, বরং ছড়াচ্ছে রোমাঞ্চ। এই একজন যে পেছন ফিরে তাকাচ্ছেন দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে! শততম টেস্ট খেলতে নামার আগে কেভিন পিটারসেন বলছেন, ‘অসাধারণ এই ভ্রমণ।’
ইংল্যান্ডের ৬২৬তম ক্রিকেটার হিসেবে ২০০৫ অ্যাশেজের প্রথম ম্যাচে টেস্ট ক্যাপ পেয়েছিলেন পিটারসেন। কাল আরেকটি অ্যাশেজের প্রথম ম্যাচে ব্রিসবেনে দশম ইংলিশ ক্রিকেটার হিসেবে খেলতে নামছেন শততম টেস্ট। সাড়ে আট বছরের ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ‘আধুনিক গ্রেট’ হিসেবে। ইংল্যান্ডের ইতিহাসে তিনি সর্বকালের সেরাদের একজন। তাঁর মুম্বাইয়ে ১৮৫, লর্ডসে ১৫৮, ১৫২, ওভালে ১৫৮, কলম্বোয় ১৫১, হেডিংলির ১৪৯ বা মোহালির ১৪৪ স্থায়ী জায়গা পেয়ে গেছে ক্রিকেট ইতিহাসে।
তবে ২২ গজে পিটারসেন মানেই যেমন বিনোদনের গ্যারান্টি, তেমনি মাঠের বাইরের পিটারসেন মানেও ছায়াসঙ্গী বিতর্ক। অধিনায়ক থাকার সময় কোচ পিটার মুরসের সঙ্গে বিবাদ, আইপিএল খেলতে না দেওয়ায় প্রকাশ্য হতাশা, নিজ দেশের বোর্ডকে ঈর্ষাকাতর বলা, সতীর্থদের সঙ্গে কখনোই সুসম্পর্ক না থাকার অভিযোগ, টুইটার-বিতর্ক থেকে সর্বশেষ অ্যান্ড্রু স্ট্রাউসকে জড়িয়ে ‘টেক্সট-গেট’ কেলেঙ্কারি। সংবাদমাধ্যমের সঙ্গেও সুসম্পর্ক ছিল না কখনো। ভক্ত-সমর্থকেরা ব্যাটসম্যান আর ব্যক্তি পিটারসেনকে মেলাতে হিমশিম খেয়েছেন নিয়মিত। দক্ষিণ আফ্রিকা থেকে এসে নিজেকে ‘খাঁটি’ ইংলিশ প্রমাণের লড়াই তো ছিলই। লোকে ২২ গজে ব্যাট হাতে দেখতে চায় দাপুটে ভূমিকায়, আর মাঠের বাইরে চায় শান্ত, ভদ্র আচরণ। কিন্তু পিটারসেনের ভাবমূর্তি বরাবরই ‘মুডি, উদ্ধত’। দুদিন আগেই ব্রিসবেনের কুরিয়ার-মেইল তাঁকে বলেছে ‘মি. ইগো।’
তবে তাঁর নিজের কাছে ব্যাখ্যাটা স্বাভাবিকভাবেই অন্য রকম। লোকে যেটিকে অহংকার বলে, সেটিকেই তিনি মনে করেন নিজের সবচেয়ে বড় সম্পদ, ‘আমি এটাকে বলি আত্মবিশ্বাস। আপনারা (সংবাদমাধ্যম) এটিকে ঔদ্ধত্য বলেন স্রেফ ভালো একটি হেডলাইনের জন্য। নিজের সামর্থ্যে আমাকে আস্থা রাখতে হবেই। দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডে এসে এমনিতেই আমার লড়াইটা ছিল অনেক কঠিন। লক্ষ্য অর্জনে জেদি ও দৃঢ়প্রতিজ্ঞ না হয়ে উপায় ছিল না। আর গ্রেট ক্রীড়াবিদদের মাঝে সব সময়ই ওই বাড়তি একটা কিছু থাকে, যা তাকে সেরা হতে তাড়না দেয়। মাঠের বাইরে আমি কতটা কষ্ট করি, তা বলা হয় না, কেউ দেখে না আড়ালে আমি কতটা ঘাম ঝরাই।’
সেই সময়ের কোচ মুরসের সঙ্গে ঝামেলায় হারিয়েছিলেন ইংল্যান্ডের নেতৃত্ব। আর প্রতিপক্ষ ক্রিকেটারের কাছে খুদে বার্তা পাঠানোর ঘটনায় শেষ হতে বসেছিল ক্যারিয়ারটাই। তখনকার অধিনায়ক স্ট্রাউসসহ সতীর্থদের সঙ্গে সম্পর্ক তখন জমে বরফ। ব্যাটসম্যান পিটারসেনকে ইংল্যান্ডের চাই-ই চাই বলে অ্যালিস্টার কুক, ম্যাট প্রায়রদের উদ্যোগে গলেছে সেই বরফ। ভুল স্বীকার করে পিটারসেনও তাকাচ্ছেন সামনে, ‘ভুল আমরা সবাই করি। মূল ব্যাপারটি হলো জীবনে চলার পথে এই চড়াই-উতরাই থেকে শিক্ষা নেওয়া। গতকালই আমি স্ট্রাউসের সঙ্গে লাঞ্চ করেছি। ভুল থেকেই মানুষ সবচেয়ে বেশি শেখে। আমি যদি না শিখতাম, তাহলে আজ ১০০ টেস্ট খেলার দ্বারপ্রান্তে থাকতাম না।’
শিক্ষা যে নিয়েছেন সেটার প্রমাণও মিলছে। মাঠের পারফরম্যান্স যেমন দুর্দান্ত, তেমনি মাঠের বাইরেও এখন সতীর্থদের সঙ্গে সম্পর্ক দারুণ। সেই উষ্ণতাই যেন ফুটে উঠল পিটারসেনের কণ্ঠে, ‘এই মুহূর্তে আমরা সবাই এককাট্টা। একসঙ্গে খেলছি, দারুণভাবে এগিয়ে চলেছি। আজকে আমার যে অবস্থান, তাতে আমি সত্যিই ভাগ্যবান ও দারুণ গর্বিত।’ এএফপি, ওয়েবসাইট।