গল টেস্ট জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহেলা জয়াবর্ধনের অধিনায়কোচিত ১৮০ রানের ইনিংসটির পর রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিংয়ে গল টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে কিছুটা শক্ত অবস্থান তৈরি করেছিল শ্রীলঙ্কা। ৩১৮ রানে প্রথম ইনিংস শেষ করার পর ইংল্যান্ডকে মাত্র ১৯৩ রানেই গুটিয়ে দিয়ে ১২৫ রানে এগিয়ে যায় স্বাগতিকেরা। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছে লঙ্কানরা। গ্রায়েম সোয়ানের ভালো বোলিংয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড। আজ দিনশেষে শ্রীলঙ্কার পাঁচটি উইকেট তুলে নিয়েছেন ইংলিশ বোলাররা। এর মধ্যে সোয়ানই নিয়েছেন চারটি। দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেটে ৮৪ রান। শ্রীলঙ্কা এগিয়ে আছে ২০৯ রানে। ৮ উইকেটে ২৮৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। আজকে আগের দিনের সঙ্গে ২৯ রান যোগ করে ইনিংস শেষ করে তারা। জয়াবর্ধনে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ১৮০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৬.৪ ওভার ব্যাট করতে পারে ইংল্যান্ড। বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিংয়ে গোটা ইনিংসে বড় কোনো জুটি গড়ে তুলতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ৪০ রানের জুটিটি গড়েছিলেন জনাথন ট্রট ও অ্যান্ড্রু স্ট্রাউস। ব্যক্তিগত সর্বোচ্চ ৫২ রান এসেছে ইয়ান বেলের ব্যাট থেকে। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ইংলিশ ইনিংস শেষ হয় ১৯৩ রানে। হেরাথ ৭৪ রানের বিনিময়ে তুলে নেন ৬টি উইকেট।