গল টেস্টে বড় জয় শ্রীলঙ্কার
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজের শুরুটাও জয় দিয়েই করেছে শ্রীলঙ্কা। গল টেস্টে রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কা পেয়েছে ১০ উইকেটের জয়। দুই ইনিংস মিলিয়ে মোট ১১টি উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। আজ গল টেস্টের তৃতীয় দিনে মাত্র ৯৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। ২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল সফরকারী নিউজিল্যান্ড। আজ তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কিউই ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১৮ রানে শেষ হয় নিউজিলান্ডের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ২০ রানের ইনিংসটি এসেছে ড্যানিয়েল ফ্লিনের ব্যাট থেকে। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন রঙ্গনা হেরাথ। দুটি করে উইকেট পেয়েছেন নুয়ান কুলাসেকারা ও সুরজ রনদিভ। জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নিতে কোনোই কষ্ট হয়নি শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। উদ্বোধনী জুটিতেই প্রয়োজনীয় ৯৩ রান সংগ্রহ করে ফেলেন থারাঙ্গা পারানাভিতানা ও ডিমুথ করুনারত্নে। ৬০ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন অভিষিক্ত করুনারত্নে।২৫ নভেম্বর কলম্বোতে সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।