গলফ একাডেমিতে স্বপ্নের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলফ শিখবেন বলে সকাল থেকেই রোমাঞ্চিত রাজধানীর স্যার জন উইলসন স্কুলের ছাত্রী সারা দৌলা। ছোট হাতে গলফ কোর্স ধরে যে-ই না টি-অফ করলেন, অমনি বলটা গিয়ে পড়ল যুক্তরাষ্ট্রের টেটন পাইনস গলফ কোর্সে। অথচ তখনো সে দাঁড়িয়ে কুর্মিটোলায়!
আসলে পুরো ব্যাপারটাই ঘটেছে প্রযুক্তির মাধ্যমে। কুর্মিটোলা গলফ ক্লাবের বিশাল তিনটি হলরুমজুড়ে টাঙানো হয়েছে প্রজেক্টর। রুমের মধ্যে রাখা নানা যন্ত্রপাতি। সারার মতো উঠতি গলফাররা এখানে এসে টি-অফ করছেন, সঙ্গে সঙ্গে ওই বলের গতি, অবস্থান ভেসে উঠছে পর্দায়। বিশ্বের নামকরা সব গলফ কোর্সের লে-আউট দেখিয়ে হাতেখড়ি দেওয়া হচ্ছে উদীয়মান গলফারদের।
ক্রিকেট, ফুটবলের মতো এবার একাডেমিতে খেলা শেখার সুযোগ পাচ্ছেন তরুণ গলফাররাও। সেই সুযোগ তৈরি করে দিচ্ছে লিডবেটার গলফ একাডেমি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত লিডবেটার একাডেমির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশের প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ উদ্যোগ নিয়েছে এই ইনডোর গলফ একাডেমি তৈরির। গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই একাডেমির স্বপ্নযাত্রা। একাডেমির উদ্বোধন করেন সেনাবাহিনীপ্রধান ও গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক।
দিনটি স্মরণীয় করে রাখতে বিখ্যাত গলফ কোচ ডেভিড লিডবেটার এসেছেন ঢাকায়। তিনি প্রথম দিনেই গলফারদের হাতে-কলমে শিখিয়েছেন। এই একাডেমির জন্য নিয়োগ দেওয়া হয়েছে ব্রিটিশ কোচ ফিল চিলটনকে। ক্যান্টনমেন্ট এলাকা হলেও চাইলে সর্বসাধারণের মধ্যে থেকে আগ্রহী ব্যক্তিরাও এখানে এসে গলফ শিখতে পারবেন।
বাংলাদেশে এমন একটি একাডেমি খুলতে পেরে দারুণ রোমাঞ্চিত ডেভিড লিডবেটার, ‘আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় এমন একাডেমি খুলতে আগ্রহী। কদিন আগে ভারতেও একটি একাডেমি খুলেছি। বাংলাদেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অনেক প্রতিভা। এখানকার খেলাধুলার বড় অংশজুড়ে আছে ক্রিকেট ও ফুটবল। তবে এখানে গলফেও দারুণ সম্ভাবনা রয়েছে। এ জন্য আরও বেশি গলফার তৈরি করতে প্রতিযোগিতা বাড়াতে হবে। এর বাইরে তাদের সঠিক পরিচর্যা, কোচিংয়েরও প্রয়োজন। বাংলাদেশে এমন একাডেমি খুলতে পেরে খুব ভালো লাগছে।’
একাডেমির চেয়ারম্যান মোমিন উদ দৌলা দারুণ আশাবাদী এই একাডেমি নিয়ে, ‘এই একাডেমি খোলার পর থেকেই বেশ সাড়া পেয়েছি। ছোট গলফারদের শেখার সুযোগ দিতে চাই আমরা। আশা করি, এখান থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের সিদ্দিকুর রহমানেরা।’