গলফ কোর্সে মুক্তির স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার এক দেশে একবার ক্রিকেট খেলতে গেল একটা দল। খেলার মধ্যে এক দিন বিরতি। দলের অধিনায়ক ঠিক করলেন সবাইকে সাফারি দেখাতে নিয়ে যাবেন। আফ্রিকার কোথাও গেলে জঙ্গলে বন্য পশুর অবাধ বিচরণ দেখতে সাফারিতে যাওয়াই সবার পছন্দ। অথচ প্রস্তাবটা দিয়ে অধিনায়ক রীতিমতো বিব্রত! সাফারি দেখার ব্যাপারে কারোরই তেমন উৎসাহ নেই। পশু-পাখি দেখে কী হবে!অধিনায়ক তার পরও জোর করে সবাইকে নিয়ে গেলেন এবং হলেন চূড়ান্ত বিব্রত। সাফারির গেটে গিয়ে জানা গেল ভেতরে ঢুকতে জনপ্রতি ৪০ ডলার করে লাগবে। খেলোয়াড়দের কেউই জীবজন্তু দেখার জন্য এত টাকা খরচ করতে রাজি হলেন না। ক্রিকেটারদের বাস ফিরে এল সাফারির গেট থেকেই। আশপাশের মানুষ মুচকি হাসল।টাকা খরচের কথা চিন্তা করে সাফারি না দেখে ফেরার চেয়েও বাজে ঘটনা দিয়ে এই গল্পের শেষ। অপ্রাসঙ্গিক বলে সেটা না-ই বা বলা হলো, তবে দলের নাম বাংলাদেশ।ক্রিকেটারদের বিদেশ সফর মানে শুধু ক্রিকেট নয়, কোথাও ঘুরতে যাওয়া বা দর্শনীয় কোনো স্থান দেখতে যাওয়া। এসব সফর-সংস্কৃতির মধ্যেই পড়ে। বিরামহীন ক্রিকেটের মধ্যে বৈচিত্র্যময় একটা দিন নতুন প্রাণশক্তি এনে দিতে পারে। তা ছাড়া দেখার-জানার কৌতূহলটাও নিশ্চয়ই ক্রিকেটার হলেই মরে যাওয়ার কথা নয়! বাংলাদেশ দল অনেক দিন ধরেই এই সংস্কৃতির বাইরে। বিদেশ সফরে বেশির ভাগ ক্রিকেটারের অবসর বিনোদনের প্রথম পছন্দ হোটেল রুমে কাটানো। কোনো ‘বাংলাদেশি ভাই’ যদি দাওয়াত দিয়ে কোথাও নিয়ে যান, সেটা আলাদা কথা।বিদেশে গেলেও যখন ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’র ক্ষুধাটা থাকে না, চট্টগ্রাম তো ছার! পতেঙ্গা, ফয়ে’স লেক টিভিতেই দেখায়, নতুন করে দেখার-জানার কী-ই বা আছে বন্দরনগরে? টিম ডিনার কিংবা স্থানীয় কোনো ক্রিকেটারের বাড়িতে নেমন্তন্ন না থাকলে এখানেও রুমে বসে টিভি দেখা আর ল্যাপটপ নিয়ে সময় কাটানোই প্রিয় পছন্দ। এবার হলো ব্যতিক্রম।কাল ছুটির দিনে টিম বাসে চড়ে পুরো দল বেড়াতে গেল ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে। চট্টগ্রাম শহর থেকে সড়কপথে মাত্র ২৫ কিলোমিটার দূরত্ব। তার পরও যেন কত হাজার মাইল, কত না দূরে! দূরত্বটা শুধু চট্টগ্রাম থেকে হিসাব করলেই তো হবে না, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৫৮ রানে অলআউট হওয়ার পর গত কয়েক দিনের গ্লানি-হতাশা থেকেও তো কাল অনেকটা দূরে সরে গেল সাকিব আল হাসানের দল! গলফ কোর্সের খোলা হাওয়ায় বুক ভরে নেওয়া গেল মুক্ত বাতাস।গলফ খেলার চেষ্টা বাংলাদেশ দলের ক্রিকেটাররা আগেও করেছেন। কালও গলফ ক্লাব নিয়ে চেষ্টার ত্রুটি রাখলেন না আশরাফুল, তামিম, জুনায়েদরা। ৫৮ রানের পর নানা কারণে সমালোচনার ঝড়টা সবচেয়ে বেশি সাকিবের ওপর দিয়েই যাচ্ছে, হয়তো সে কারণেই শুরুতে একটু দূরে দূরে ছিলেন অধিনায়ক। পরে তামিমের পীড়াপীড়িতে ক্লাব হাতে নিলেন তিনিও। তামিম অবশ্য পুরো ভ্রমণেই হয়ে থাকলেন মধ্যমণি। দুষ্টুমি-রসিকতায় মাতিয়ে রাখলেন সবাইকে। নিজের শহর হওয়াটা একটা কারণ, অধিনায়কের দুঃসময়ের কথা ভেবেও হয়তো চেষ্টা করছেন দলের মনোবলটা চাঙা করতে।রকিবুলকে দেখা গেল গলফ খেলার চেয়ে ক্যাডি-কার চালানোতেই বেশি আগ্রহী। কেউ চড়লেন নৌকায়। গলফ কোর্সের ভেতরই একটা লেকে বড়শি ফেলে মাছ ধরার চেষ্টাও হলো। দুর্ভাগ্য, ক্রিকেটারদের বড়শিতে কিছুই ওঠেনি! সানসেট পয়েন্ট থেকে সূর্য ডোবা দেখার পর সন্ধ্যায় গলফ কোর্স কর্তৃপক্ষ বারবিকিউ পার্টি দিল খেলোয়াড়দের সৌজন্যে। ছুটির দিনের শেষ আকর্ষণ ওটাই ছিল।দুরন্ত গতির ব্যস্ত ক্রিকেট-জীবনে এমন নির্ভার দিন বিশ্বকাপের বাংলাদেশ দলের জন্য হলো একটা খোলা জানালাও। দীর্ঘশ্বাস বের করে দেওয়ার, স্বস্তির সুবাতাস নেওয়ারও।