গলফার দম্পতির ঘর-গেরস্থালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো লাগে সাগরের গর্জন শুনতে। ভালো লাগে আকাশে হেলান দিয়ে ঘুমানো পাহাড়টা দেখতে। বিস্ময়করভাবে দুজনের পছন্দ এক বিন্দুতে মিলেছে! তবে সিদ্দিকুর রহমানের সঙ্গে সামাউন আঞ্জুম অরণির দাম্পত্য রসায়নের বড় সেতুবন্ধুন গলফ।

যখন দেশসেরা গলফারের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল, তখন সিদ্দিকুর নিজেই বলতেন, ‘ধুর, এই দেশে কেউ আমাকে বুঝবে না। এই খেলাটা বুঝবে, এমন মেয়ে কি আদৌ পাওয়া যাবে?’ এ কথা শোনার পরই গলফ জানাশোনা পাত্রী খুঁজতে শুরু করেন সিদ্দিকুরের বাবা-মা।

অবশেষে তেমন পাত্রীর দেখা মিলল। সেই পাত্রীর সঙ্গে গলফ কোর্সে প্রায় চার বছর দেখা-সাক্ষাৎও হয়েছে সিদ্দিকুরের। এটা জানার পর কারও মনে ‘গলফ কোর্সে প্রেম’ জাতীয় শিরোনাম খেলা করতে পারে। তবে ঘটনা তা নয়। বিয়েটা হয়েছে পারিবারিকভাবেই। ২০১৫ সালের ২০ জানুয়ারি মিলে গেল সিদ্দিকুর ও অরণির জীবন।

স্কুলে কখনো কোনো খেলায় অংশ নেননি অরণি। অথচ সেই মেয়েই একসময় গলফের নেশায় বুঁদ হয়ে পড়েন। সালটা ২০১০। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর হাতে অফুরন্ত সময়। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং শেষে চলে আসতেন কুর্মিটোলা গলফ কোর্সে মা গুলনাহারের খাবারের দোকানে। গলফের অনুশীলন দেখতে দেখতেই খেলাটির প্রেমে পড়ে যান। হাতে তুলে নেন গলফ ক্লাব। গলফ ফেডারেশনের প্রাথমিক বাছাই শেষে জাতীয় অ্যামেচার ওপেনে খেলার সুযোগ মেলে। ২০১৩ বাংলাদেশ গেমসে সেনাবাহিনী দলের হয়ে জেতেন ব্রোঞ্জ। দলগতভাবে সোনা। তিনবার জাতীয় অ্যামেচার ওপেনে অংশ নিয়ে একবার রানার্সআপও হয়েছেন। এরপর বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিলেও বয়স-বাধায় আন্তর্জাতিক অ্যামেচার ওপেনে আর খেলা হয়নি। ফেডারেশন তখন শুধু অনূর্ধ্ব-১৮ বয়সীদেরই সুযোগ দিত।

বিয়ের পর খেলাটা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল অরণির। কিছুদিন অনুশীলনও করেছিলেন। কিন্তু খেলোয়াড় হওয়ার চেয়ে কোচিং পেশাটাই তত দিনে টানতে শুরু করেছে। বছরখানেক আগে নয়াদিল্লিতে ভারতের জাতীয় গলফ একাডেমির অধীনে কোচিংয়ের ‘ডি’ লাইসেন্স করেন। গত সপ্তাহে চণ্ডীগড়ে গিয়ে ‘সি’ লাইসেন্সের পরীক্ষাটা দিয়ে এসেছেন। উদ্দেশ্যটা পরিষ্কার করেই বললেন, ‘ভালো খেলোয়াড় হওয়ার চেয়ে ভালো খেলোয়াড় তৈরি করা জরুরি। এই ভাবনা থেকেই কোচিংয়ে আসা।’

বাংলাদেশে মেয়েদের গলফ কোচিংয়ের ভবিষ্যৎ কী? ভবিষ্যৎ উজ্জ্বলই মনে হয়েছে অরনির, ‘অনেকে সিদ্দিকুরকে বলে, তোমার স্ত্রী যেন আমার মেয়েকে খেলা শেখায়। মহিলা কোচের কাছে মেয়েরা যত স্বচ্ছন্দে শিখবে, একজন পুরুষের কাছে তা পারবে না।’ সিদ্দিকুরেরও অলিখিত কোচ নাকি আপনি? অরণি হেসে বললেন, ‘আমাকে সবাই ওর ব্যাকআপ বলে। ট্রেনিংয়ে কোচ প্রথমে ওকে বুঝিয়ে দিচ্ছে। এরপর কোচ আমাকে আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছে, যেন বাংলাদেশে এসে ওকে এভাবে গাইড করি।’

কোন কাজে নেই তিনি? ঘরকন্না থেকে শুরু করে বাজার-সদাই সবই করতে হয়। এশিয়ান, ইউরোপিয়ান ট্যুরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা, বিদেশে হোটেল বুকিং, বিমানের টিকিট বুকিং, অনলাইনে সিদ্দিকুরের ভিসা ফরম পূরণ করা সব দায়িত্বই অরণির ওপর। হাসতে হাসতে বলছিলেন, ‘আমি তো সিদ্দিকের পারসোনাল সেক্রেটারি।’

বিয়ের পর সিদ্দিকুরও মজা করে ফেসবুকে নববধূর ছবি আপলোড করে একবার লিখেছিলেন, ‘মাই নিউ ক্যাডি!’ সত্যিকারের ক্যাডি আরেকজন থাকলেও সিদ্দিকুরের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিতই ঘুরছেন অরণি। কখনো সুইজারল্যান্ড, কখনো বা মালয়েশিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, জাপান, ইন্দোনেশিয়া...।

নিজে গলফার হওয়ায় সিদ্দিকুরের মনোজগৎটাও ভালো বোঝেন অরণি, ‘ও রাত ১০টার পর চোখ খোলা রাখতে পারে না। আমি তখন চাইলেও টিভি দেখি না। তা ছাড়া ওর খারাপ সময়ে সাহস জোগাই।’ অথচ শুরুতে সিদ্দিকুরের বাজে পারফরম্যান্সে বেশি কষ্ট পেতেন তিনি নিজেই, ‘বিয়ের পর ওর খেলা নিয়ে আমি বেশি উত্তেজিত থাকতাম। একটু খারাপ করলেই ভেঙে পড়তাম। এখন অনেক পরিণত হয়েছি। ভাবি, দিন শেষে এটা তো একটা খেলাই।’ দুজনের ঘরোয়া আলোচনায়ও ঘুরেফিরে আসে গলফ।

বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিকে খেলেছেন সিদ্দিকুর। এ নিয়ে গর্বের শেষ নেই অরণির, ‘এই গর্বের জায়গাটা বলে বোঝানো যাবে না। অলিম্পিয়ান শব্দটা শুনলে বিদেশিরা অনেক সম্মান করে।’

গলফে ঘুমান, গলফেই জাগেন এই দম্পতি। স্বপ্নও দেখেন গলফ নিয়ে। অরণির স্বপ্নটা বাংলাদেশের মেয়েদের নিয়ে, ‘আমি স্বপ্ন দেখি, সিদ্দিকুরের মতো এ দেশের মেয়েরাও একদিন গলফে বিশ্ব মাতাবে।’