প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলে ঝড় তোলার আগে মাইকেল ফেল্প্স কী করতেন মনে আছে? হাত দুটিকে মাথার পেছনে নিয়ে এরপর কিছুক্ষণ এদিক-ওদিক করা। গালভরা নামও আছে এটির—আর্ম ফ্ল্যাপ। রিও অলিম্পিকেই সাঁতার ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু। তাঁর আর্ম ফ্ল্যাপও তাই আর দেখা না যাওয়ারই সম্ভাবনা ছিল। কিন্তু ঢেঁকি যে স্বর্গে গেলেও ধান ভানে। কিছুদিন ধরে গলফে হাত মকশো করছেন সর্বকালের সেরা অলিম্পিয়ান। খেলছেন সেলিব্রিটিদের গলফ টুর্নামেন্ট রাইডার কাপেও। পরশু সেখানেই প্রথম শটের আগে দেখা গেল তাঁর আর্ম ফ্ল্যাপ, যা দেখে কোর্সের দর্শকেরাও বেশ আনন্দ পেয়েছেন। তা গলফটা কেমন খেলেন ফেল্প্স? আপাতত এতটুকুই বলা যায়, ২৩টি অলিম্পিক সোনা জয়ের ফর্মটা গলফে আনতে ঢের দেরি আছে ফেল্প্সের। ফক্স স্পোর্টস।