গলফে একটু উন্নতির ছোঁয়া
খুব ক্ষীণভাবে থাকা পদকের আশাটা উড়ে গেছে আগেই। এশিয়ান গেমস গলফে বাংলাদেশের গলফারদের লড়াইটা তাই এখন শুধুই একটু ভালো অবস্থানের জন্য। কাল তৃতীয় রাউন্ডে সেই লড়াইয়ে সফলই বলা চলে বাংলাদেশের গলফারদের। সজীব আলী, মোহাম্মদ নাজিম ও মোহাম্মদ ইসমাইল অবস্থান উন্নত করেছেন, সাগরও ধরে রেখেছেন আগের অবস্থান।
কাল পারের চেয়ে ২ শট কম খেলে সাত ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন সজীব। পারের চেয়ে ৪ শট কম খেলে ৩০তম স্থানে উঠেছেন নাজিম। তিনিও এগিয়েছেন সাত ধাপ। ছয় ধাপ এগিয়ে ৪৫তম ইসমাইল। তৃতীয় রাউন্ডে পারের সমান ৭২ শট খেলেছেন তিনি। পারের চেয়ে ৬ শট বেশি খেললেও সাগর ধরে রেখেছেন আগের দিনের ৫৪তম স্থানটা।
ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি দলীয় বিভাগেও এক ধাপ এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। মোট ৬৫৭ শট খেলে ফিলিপাইনের সঙ্গে যৌথভাবে নবম স্থানে বাংলাদেশ। মোট ৬১৩ শট খেলে সবার ওপরে চীনা তাইপে। দক্ষিণ কোরিয়া (৬১৭) ও থাইল্যান্ড (৬২৭) আছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
ব্যক্তিগত ইভেন্টে পারের চেয়ে ১৬ শট কম খেলে শীর্ষে আছেন তাইপের সুং চেং প্যান। তৃতীয় রাউন্ড শেষে এরপরই আছেন দক্ষিণ কোরিয়ার দুই গলফার ইউনহো ইউম (-১৫) এবং নামহুন কিম (-১১)।