গলফের এক আফগান যোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান আলী
ইমরান আলী

বারুদের গন্ধে ঘুম ভাঙে। রক্তের দাগ মুছে দিনের শুরু হয় আফগানদের। যুদ্ধ সেখানে জীবনেরই অনুষঙ্গ। যুদ্ধবিধ্বস্ত সেই আফগানিস্তান জেগে উঠেছে খেলাধুলায়। ক্রিকেট, ফুটবলে এগিয়েছে। অন্য খেলায়ও উঠে আসছে। সদ্য শেষ হওয়া দক্ষিণ এশিয়ান গেমসে সাতটি সোনা জিতে যেন সেই ঘোষণাই দিল। কিন্তু একটা খেলায় এখনো পিছিয়ে আফগানিস্তান—গলফে শুধুই হাঁটি হাঁটি পা পা।
আফগানিস্তান থেকে বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে খেলতে এসেছেন ইমরান আলী। আজ কুর্মিটোলা গলফ কোর্সে শুরু এই প্রতিযোগিতায় আফগানিস্তান ছাড়াও খেলবেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশের গলফাররা।
এ উপলক্ষে কাল কুর্মিটোলা গলফ কোর্সে সংবাদ সম্মেলনের পর কথা হচ্ছিল ইমরানের সঙ্গে। অপেশাদার টুর্নামেন্টে নিয়মিতই খেলছেন, কিন্তু চাইলেও প্রো-টুর্নামেন্টে নাম লেখাতে পারেন না। পেশাদার যুগে পা দেওয়ার অন্যতম যে শর্ত, সেই মানসম্মত গলফ কোর্স নেই আফগানিস্তানে। কুর্মিটোলা গলফ কোর্সের প্রাণজুড়ানো সবুজ দেখে তাই ইমরানের আফসোস, ‘আমাদের ৯ হোলের একটা গলফ কোর্স, কিন্তু ঘাস নেই। কুর্মিটোলার সবুজ খুব চমৎকার।’
শহর থেকে মাইল সাতেক দূরে কারঘাতে কাবুল গলফ কোর্সই অনুশীলনের একমাত্র জায়গা। সম্প্রতি আরও দুটি গলফ কোর্স তৈরির চেষ্টা চলছে বলে জানালেন ইমরান, ‘হেরাত ও বামিয়ানে গলফ কোর্স তৈরি হচ্ছে।’
শহর থেকে দূরে বলে ভয়ে কেউ গলফ কোর্সে যেতেই চায় না। তবে কারঘা লেকের ধার দিয়ে নিয়মিতই অনুশীলনে যান ইমরান। সৌভাগ্যক্রমে একদিন বেঁচে গিয়েছিলেন বোমা হামলা থেকে। মৃত্যুকূপ থেকে ফেরার অভিজ্ঞতা বর্ণনার সময় ইমরানের চেহারায় ছিল আতঙ্ক, ‘ঘটনাটা মাস পাঁচেক আগের। বাসা থেকে গলফ কোর্সে যাচ্ছিলাম। কোর্সে পৌঁছেই শুনি লেকের ধারে বোমা হামলা হয়েছে। আল্লাহকে ধন্যবাদ দিলাম। কারণ দশ মিনিট আগে ওই জায়গা দিয়ে এসেছিলাম।’ নিরাপত্তার কারণে বিদেশিদের সেখানে খেলাই নিষেধ।
আফগানিস্তানে কেমন জনপ্রিয় গলফ? জিজ্ঞাসা করতেই ইমরান হেসে বললেন, ‘লোকে আমাদের কাছে জিজ্ঞাসা করে, এটা আবার কেমন খেলা? ক্রিকেটের মতোই দেখি তোমরা বল মারছ।’
কাবুলে সব মিলিয়ে ১১০ জন গলফার। আফগানিস্তান গলফ ফেডারেশন প্রতিষ্ঠা হয়েছে ২০০৭ সালে। সেবারই বাংলাদেশ অ্যামেচার গলফে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অভিষেক হয়েছিল আফগানদের।
ইমরানের দাদা মোহাম্মদ ইসহাক গলফ খেলতেন পাকিস্তানে। দাদার হাত ধরেই তাঁর হাতেখড়ি। পেশাদার যুগে পা রাখার স্বপ্ন দেখেন ইমরান। কিন্তু অবকাঠামোর অভাবে তা হচ্ছে না। ররি ম্যাকইলরয় তাঁর প্রিয় গলফার। প্রো-গলফার হয়ে ম্যাকইলরয়ের মতোই একদিন সবুজে হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন আফগান গলফ যোদ্ধা।