গলফের এক নম্বর ওয়েস্টউড
শেষ পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেই নিজের ৩৮তম জন্মদিনটা উদ্যাপন করলেন ইংল্যান্ডের লি ওয়েস্টউড। যাঁর দুই ধাপ পেছনে থেকে বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান পরশু জাকার্তায় ইন্দোনেশিয়ান মাস্টার্সে হয়েছেন তৃতীয়। এখানে চ্যাম্পিয়ন হয়ে ওয়েস্টউড অপেক্ষা করছিলেন পৃথিবীর অন্য প্রান্ত যুক্তরাষ্ট্রে চলা পিজিএ ট্যুরের ফলাফলের। আগের রাউন্ডে এক শট এগিয়ে থাকা ওয়েস্টউডের স্বদেশি লুক ডোনাল্ডকে শেষ রাউন্ডে ধরে ফেলেন আমেরিকান ব্রান্ট স্নেডেকার। আর প্লে-অফে ডোনাল্ডের হার নিশ্চিত করে দেয় গত ফেব্রুয়ারিতে জার্মান মার্টিন কেমারের কাছে শীর্ষস্থান খোয়ানো ওয়েস্টউডের আবার এক নম্বর হওয়া। এর আগে টাইগার উডসকে সরিয়ে এক নম্বর হওয়া ওয়েস্টউড ১৭ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। সর্বশেষ র্যাঙ্কিংয়ে টাইগার উডসের অবস্থান ছয়ে।বাংলাদেশের সিদ্দিকুর রহমান ১.২৯ গড় পয়েন্ট নিয়ে আছেন ১২০ নম্বরে। আর এ বছর ১ লাখ ৫২ হাজার ডলার (প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) প্রাইজমানি জিতে এশিয়ান অর্ডার অব মেরিটে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। শীর্ষে থাকা ভারতের শিবশঙ্কর চৌরাশিয়ার আয় ৪ লাখ ১০ হাজার ডলার (প্রায় ৩ কোটি টাকা)। ওয়েবসাইট।