গলফের নতুন এক নম্বর লি ওয়েস্টউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল যখন টাইগার উডস গলফের কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া মানেই তাঁর শিরোপা জয় অবধারিত। তিনি কোনো প্রতিযোগিতায় খেলছেন, আর সেই শিরোপা অন্য কারও হাতে উঠেছে—এ যেন অবিশ্বাস্য। কিন্তু এ বছরে তাঁর হাঁটুর ইনজুরি আর ব্যক্তিগত জীবনে স্ত্রী এলিনের সঙ্গে ছাড়াছাড়ির পর থেকেই যেন হারিয়ে যেতে শুরু করলেন বিশ্বের সবচেয়ে ধনী এ খেলোয়াড়। অবশেষে হারালেন গলফ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটিও। টাইগার উডসের দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময়ের এ রাজত্বের অবসান ঘটিয়েছেন লি ওয়েস্টউড। গতকাল উডসকে টপকে গলফের নতুন এক নম্বর হয়েছেন ইংল্যান্ডের ৩৭ বছর বয়সী এই গলফার।১৯৯৪ সালে নিক ফালডোর পর ইউরোপ থেকে প্রথম গলফার হিসেবে এ শীর্ষস্থান দখল করেছেন ওয়েস্টউড। নতুন এই র্যাঙ্কিং ঘোষণার পর এটাকে তাঁর জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত বলে উল্লেখ করেছেন তিনি। তবে এক নম্বর তারকার স্বীকৃতি পেলেও এখন পর্যন্ত কোনো মেজর জেতা হয়নি ওয়েস্টউডের। কিন্তু সেটা নিয়ে খুব একটা চিন্তিত নন ইংল্যান্ডের এই গলফ তারকা। ‘এক নম্বর হওয়া মানে এটা নিশ্চিত যে আমি সঠিক পথেই আছি। এটা খুবই ইতিবাচক একটা ব্যাপার’, বলেছেন ওয়েস্টউড।১৯৯৩ সালে পেশাদার গলফে প্রবেশ করেন ওয়েস্টউড। ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে ছিলেন শীর্ষ ১০ জন গলফারের তালিকায়। এরপর কিছুদিন আর গলফ কোর্সে না নামায় তাঁর র্যাঙ্কিং নেমে যায় ২৫০-এর নিচে। ২০০৩ সালে আবার ফিরে আসেন গলফের ময়দানে। ২০০৭ সালে আন্দালুসিয়া ওপেন আর ব্রিটিশ মাস্টার্স জিতে উঠে আসেন সেরা ৫০-এর মধ্যে। ২০০৮ আর শেষে আবারও সেরা দশে জায়গা করে নেন ওয়েস্টউড। ১৯৯৮, ২০০০ আর ২০০৮ সালে জিতেছেন ইউরোপের সেরা গলফারের পুরস্কার।—বিবিসি অনলাইন