গলায় দড়ি দিতেন জয়া-সাঙ্গা!
চার-চারটি বিশ্বকাপ ফাইনালে হার। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হারলে কী করতেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা? গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তেন দুজনই! ফাইনালের আগে প্রিয় বন্ধু সাঙ্গাকারাকে কথাটি বলেছিলেন জয়াবর্ধনে।
এটিকে আবার খুব গুরুত্ব সহকারে নিয়ে আঁতকে ওঠার কারণ নেই! অবশ্যই মজা করে বলেছিলেন জয়াবর্ধনে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হওয়ার পর বেশ ফুরফুরে মেজাজে আছেন লঙ্কান ক্রিকেটের দুই মহাতারকা। বিশ্বকাপ জয়ের পর পেরিয়ে গেছে দুই সপ্তাহ। বাঁধনহারা আবেগ-উত্তেজনা খানিকটা কমে এসেছে। তবে কমেনি রোমাঞ্চ। একসঙ্গে বসে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে দুজনই ফিরে তাকিয়েছেন ক্যারিয়ারের স্মরণীয়তম অর্জনে।
জয়াবর্ধনে স্বীকার করেছেন, বিশ্বকাপের স্বাদ ছাড়াই ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কা পেয়ে বসেছিল তাঁকে, ‘আমি ভেবেছিলাম আমার সিভিতে সম্ভবত এটি থাকছে না—বিশ্বকাপ জয়। আমরা প্রকাশ্যেই বেশ কবার বলেছি, একটি বিশ্বকাপ শিরোপার স্বাদ আমরা পেতে চাই। ম্যাচ শেষ হওয়ার পরও আমরা ঠিক বুঝে উঠতে পারিনি কী করে ফেলেছি। এমনকি কীভাবে উদ্যাপন করতে হবে, সেটাও বুঝে উঠতে পারছিলাম না—ছেলেরা পেপসি, পানির বোতল ছোড়াছুড়ি করছিল, ড্রেসিং রুমে সবাই মজা করছিল। আবেগ বাঁধ ভেঙে যায় কলম্বো ফেরার পর। আজ থেকে ১০-২০ বছর পর পেছন ফিরে তাকিয়ে আমি বলতে পারব, অনেকগুলো রুপার পদকের পর একটি স্বর্ণপদক জিতেছি আমি।’
বিশ্বকাপ শিরোপা না পাওয়ার শঙ্কাটা মনে বাসা বেঁধেছিল সাঙ্গাকারারও, ‘ব্যাপারটি আমাদের মাথায় খেলা করছিল। শুধু আমাদের ক্যারিয়ারই নয়, আমরা ভাবছিলাম, ‘‘শিট, চারটি ফাইনাল!’’ আমি মাইয়াকে (জয়াবর্ধনে) বললাম, ‘‘আরেকটি ফাইনালে হারলে কী করব আমরা?’’ সে মজা করে বলেছিল, ‘‘হয়তো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ব!’’’
দেশে ফিরে যে সংবর্ধনা পেয়েছেন লঙ্কান ক্রিকেটাররা, তাতেও অভিভূত সাঙ্গাকারা, ‘বিমানবন্দর থেকে গল ফেস পর্যন্ত (৩৫ কিলোমিটার) লোকের টানা লাইন—এতটা বিশাল কিছু আমরা আশা করিনি। গল ফেসে যত লোক জমায়েত হয়েছিল, এর ধারেকাছে কিছু আমি কখনো দেখিনি। কখনো কখনো ব্যাপারটি ধাঁধার মতো, দিনশেষে এটি তো স্রেফ খেলা। একটি খেলাকে এত ভালোবাসতে হবে কেন? কিন্তু শ্রীলঙ্কান হিসেবে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা উগ্র নই, সুস্থভাবে যতটা পারা যায় খেলাটিকে ভালোবাসি। সেদিন সেটাই দেখা গেছে। বৃষ্টি হচ্ছিল, তাতে কারও কিছু এসে যায়নি। এমন অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। আশা করি সব ঠিকঠাক করে আরেকবার এ স্বাদ পেতে পারব!’
এবারের আগে চারটি ফাইনাল হারলেও বারবার ফাইনালে ওঠাই বলে দেয়, বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক দল শ্রীলঙ্কা। সেই সাফল্যের কারণ জানালেন জয়াবর্ধনে, ‘একটি ম্যাচ হারলে আমরা ভীষণ কষ্ট পাই। হারলে বোঝা যায় সেই অনুভূতি কতটা বাজে। সেই স্বাদ আর কেউ পেতে চায় না। এমনকি আমাদের অনুশীলনে গা-গরমের ফুটবল ম্যাচেও হেরে যাওয়া দল সহজভাবে নিতে পারে না। আমি জানি কীভাবে এটি গড়ে উঠল, কিন্তু এটিই সাফল্যের একটি বড় কারণ।’ ওয়েবসাইট।