
স্টেইনগানে এবার ছিন্নভিন্ন শ্রীলঙ্কা। ডেল স্টেইনের দুর্দান্ত বোলিংয়ে কাল গলের মরা পিচ বধ্যভূমি হলো লঙ্কানদের। সকালে বাউন্সারে বিভ্রান্ত করে কৌশল সিলভাকে লং লেগে ক্যাচ, মধ্যাহ্নবিরতির ঠিক আগে দুর্দান্ত এক ইনসুইঙ্গারে এলবিডব্লু মাহেলা জয়াবর্ধনে। এরপর চা-বিরতি থেকে ফিরে অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাহিরু থিরিমান্নের প্রতিরোধ গুঁড়ো করে দেওয়া অসাধারণ এক স্পেল। পরপর ৩ ওভারে ৩ উইকেট। টেস্ট ক্যারিয়ারে স্টেইনের ২৩তম ৫ উইকেটে গল টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা স্বাগতিক দল এখনো পিছিয়ে ১৭২ রানে।
স্টেইনের ধ্বংসযজ্ঞের মধ্যেই লড়াই করেছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। গত মাসে হেডিংলি টেস্টে ১৬০ রান দুর্দান্ত ইনিংস খেলা ম্যাথুস কাল ১১ রানের জন্য পাননি টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ১৩৬ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে আসা অষ্টম ব্যাটসম্যান হিসেবে ম্যাথুস যখন আউট হলেন শ্রীলঙ্কার রান ২৭২। ১৮২ বলে ১৪ চার ও ১ ছয়ে ৮৯ রান করে লেগ স্পিনার ইমরান তাহিরকে সুইপ করতে গিয়ে বোল্ড ম্যাথুস। অধিনায়কের বিদায়ের কিছু পরই লাকমলের আউটে শেষ দিনের খেলা।
এর আগে বিনা উইকেটে ৩০ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা দিনের পঞ্চম ওভারেই হারাল প্রথম উইকেট। এরপর ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা ওপেনার থারাঙ্গার সঙ্গে কুমার সাঙ্গাকারার ৫৭ রানের জুটি। আগের সাতটি টেস্ট ইনিংসে কমপক্ষে ফিফটি পেরোনো সাঙ্গাকারা এবার থেমেছেন ২৪ রানে। ৬ রান পর স্টেইনের ছোবলে আউট জয়াবর্ধনেও। টেস্ট অঙ্গনে প্রত্যাবর্তনে ৮৩ রান করেছেন উপুল থারাঙ্গা।
দিনের গল্পের বাকি অংশটা পুরোই ডেল স্টেইনের। গলের অসহ্য গরম ও আর্দ্রতার মধ্যেই ২১ ওভার বোলিং, টানা ৩ ওভারে ৩ উইকেট। দিন শেষে স্টেইনের কণ্ঠে পারিপার্শ্বিকতাকে জয় করার তৃপ্তি, ‘সবুজ উইকেটে আপনি অনেক উইকেট নেবেন, সবাই এমনটাই আশা করে। কিন্তু উপমহাদেশের উইকেটে বল করা সত্যিই কঠিন। উপমহাদেশে বোলিং করা চ্যালেঞ্জটা আমি সত্যিই উপভোগ করি। যেখানে আগে কখনোই ৫ উইকেট পাইনি সেখানে ৫ উইকেট নেওয়া উপভোগ্যই।’ এএফপি, ক্রিকইনফো, টেন ক্রিকেট।