গলে ধুঁকছে পাকিস্তান
বড় একটা চমকই দিলেন মাহেলা জয়াবর্ধনে। গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৭২ রানের জবাবে পাকিস্তান গুটিয়ে গেল মাত্র ১০০ রানে। ৩৭২ রানে পিছিয়ে থাকার পরও পাকিস্তানকে ফলো অনে ফেলে ব্যাট করালেন না। উল্টো আবারও নিজেরা ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। প্রতিপক্ষকে ইনিংস ব্যবধানে হারানোর সুবর্ণ সুযোগ হেলায় ছেড়ে দেওয়াকে ‘চমক’ বলবেন না-তো কী!যা-ই হোক, দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের বেশিক্ষণ ব্যাট করাননি জয়াবর্ধনে। ৫ উইকেটে ১৩৭ রান তুলতেই নিজেদের ইনিংস ঘোষণা করেন লঙ্কান অধিনায়ক। ৫০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। তবে ব্যর্থতা পিছু ছাড়েনি পাকিস্তানি ব্যাটসম্যানদের। ২৫ রান তুলতেই প্রথম তিন উইকেটের পতন ঘটে। দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে এখনো ৪৭৪ রানে পিছিয়ে পাকিস্তান, হাতে আছে সাতটি উইকেট। ব্যাটসম্যানদের দুর্দশাই বলে দিচ্ছে, গলে বেশ বড় ব্যবধানেই হারতে চলেছে পাকিস্তান। লঙ্কান বোলারদের সামনে পাকিস্তানি ব্যাটসম্যানরা কতক্ষণ টিকে থাকতে পারেন, এটাই এখন দেখার অপেক্ষা।প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৮ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। কিন্তু দলীয় সংগ্রহে ১৭ রান যোগ হতেই সাজঘরে ফেরেন ইউনুস খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০০ রানে থেমে যায় পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন সুরাজ রণদিভ। এ ছাড়া রঙ্গনা হেরাথ তিনটি ও নুয়ান কুলাসেকারা দুটি উইকেট লাভ করেন।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৭২সাঙ্গাকারা ১৯৯, দিলশান ১০১আজমল ১৪৬/৫, হাফিজ ৫৫/৩পাকিস্তান প্রথম ইনিংস: ১০০ইউনুস ২৯, আইয়ুব ২৫রণদিভ ১৩/৪, হেরাথ ৩০/৩শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১৩৭/৫, ঘোষণাদিলশান ৫৬, পারানাভিতানা ২৫জুনায়েদ ৪৪/৩, আজমল ৪৭/২পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৩৬/৩(তৃতীয় দিনের খেলা শেষে)আজমল ১১*, তৌফিক ১০কুলাসেকারা ১৩/২, হেরাথ ১/১সূত্র: ক্রিকইনফো