গলে মিসবাহ নিষিদ্ধ!
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৩-১-এ হার। টেস্ট সিরিজ শুরুর আগেই বড় একটা ধাক্কা খেল পাকিস্তান। গলে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক মিসবাহ-উল হককে ছাড়াই খেলতে হবে পাকিস্তানকে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান দলের বিরুদ্ধে ‘সিরিয়াস ওভার রেট’-এর অভিযোগ এনে গল টেস্টে মিসবাহকে নিষিদ্ধ করেছে আইসিসি।এক তথ্য বিবরণীতে আইসিসি জানিয়েছে, পঞ্চম ওয়ানডেতে বেঁধে দেওয়া সময়ের মধ্যে লক্ষ্যের চেয়ে তিন ওভার কম বল করে পাকিস্তান। এ ঘটনায় আম্পায়ারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অধিনায়কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। মিসবাহ শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।আইসিসি জানায়, গত এক বছরে এটা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম গুরুতর স্লো ওভারে রেটের অপরাধ বলে মিসবাহর ওপর নিষেধাজ্ঞার দুটি পয়েন্ট আরোপ করা হয়েছে। একই সঙ্গে দলের অন্য সদস্যদের ওই ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞার দুটি পয়েন্ট আরোপ করার অর্থ হচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলতে পারবেন না মিসবাহ। বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেও স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছিল পাকিস্তান দলকে।নিষেধাজ্ঞা পাওয়ায় একটা রেকর্ড স্পর্শ করতে পারলেন না মিসবাহ। গলে খেললে টানা ১৬টি টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড স্পর্শ করতে পারতেন তিনি। এর আগে টানা ১৬টি টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব রয়েছে কেবল ইমরান খান ও ওয়াকার ইউনুসের। ওয়েবসাইট।