গলে রেকর্ডময় একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আশরাফুলের অপরাজিত ১৮৯ বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস। আশরাফুল পেছনে ফেলেছেন ২০০৪ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে করা নিজেরই অপরাজিত ১৫৮ রানকে। পঞ্চম উইকেটে আশরাফুল-মুশফিকুরের অবিচ্ছিন্ন ২৬১ রানের জুটিটি নতুন রেকর্ড। যেকোনো উইকেটেই বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটি। এর আগে ২০১০ সালে মিরপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকের করা ২০০ রানই ছিল সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেটে নতুন রেকর্ড এটি। আশরাফুল-মুশফিকরা ভেঙেছেন ২০১০ সালে কলম্বোয় শচীন টেন্ডুলকার ও সুরেশ রায়নার ২৫৬ রানের রেকর্ড। গল স্টেডিয়ামেও যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি এখন আশরাফুল-মুশফিকদের। আগের সর্বোচ্চ ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে মারভান আতাপাত্তু ও অরবিন্দ ডি সিলভার ২৩০ রান। ৪ উইকেটে ৪৩৮। দেশের বাইরে বাংলাদেশে সর্বোচ্চ ইনিংস। এর আগের সর্বোচ্চ ছিল ২০০৪ সালে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ৪১৬ রান। মুশফিকের অপরাজিত ১৫২ রান অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস। এই ইনিংসটি পেছনে ফেলেছে ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুলেরই করা অপরাজিত ১২৯ রানকে। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পুরো দিন ব্যাট করলেন আশরাফুল। এর আগে ২০০১ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ দিনে (৭৮*) ও ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনে (৯৬*) সারা দিন ব্যাট করেছিলেন জাভেদ ওমর। আশরাফুল কাল করেছেন ১২৪। বলের হিসাবেও বাংলাদেশের পক্ষে দীর্ঘতম ইনিংসটি খেলেছেন আশরাফুল। ৩৯৮ বল খেলে পেছনে ফেলেছেন ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে আমিনুলের ইসলামের ৩৮০ বলের ইনিংসটিকে। তবে সময়ের হিসাবে রেকর্ডটি এখনো আমিনুলের। ১৪৫ রানের ইনিংসটি খেলার পথে ৫৩৫ মিনিট ক্রিজে ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। গল টেস্টে আশরাফুল এখন পর্যন্ত ৪৯৬ মিনিট ব্যাটিং করেছেন। সময়ের হিসাবে যেটি তৃতীয় দীর্ঘতম।২০টি চার মেরেছেন আশরাফুল। টেস্টে এক ইনিংসে চার মারার বাংলাদেশি রেকর্ডে এটি দুইয়ে। ২০০৪ সালে চট্টগ্রামে ১৫৮ রানের ইনিংসে ২৪টি চার মেরেছিলেন আশরাফুলই।