গল্প ফেঁদেছেন লোক্টিরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু পরই দেশে ফেরার বিমানে উঠতে যাবেন জ্যাক কঙ্গার ও গুনার বেন্টজ। রিওর বিমানবন্দরেও ব্যাগট্যাগ নিয়ে চলে এসেছেন যুক্তরাষ্ট্রের দুই সাঁতারু। কিন্তু হঠাৎই বিমানবন্দরে হাজির পুলিশ, বিমানে ওঠার ঠিক আগেই আটক করা হলো দুজনকে। কিন্তু এঁরা আসলে কী করেছেন? এখন জানা যাচ্ছে, বেফাঁস কথা বলেই বিপদে পড়ে গেছেন দুজন। একই অবস্থা হতে পারত রায়ান লোক্‌টিরও, কিন্তু যুক্তরাষ্ট্রের সোনাজয়ী সাঁতারু আগেই ফিরে গেছেন দেশে। তার চেয়েও বড় বোমাটা ফেটেছে পরে। গ্যাস স্টেশনের নিরাপত্তাকর্মীর সঙ্গে মারামারির ঘটনা ধামাচাপা দিতেই এত সব গল্প ফেঁদেছেন লোক্‌টি!
মূল ঘটনাটা জানতে ফিরে যেতে হবে দিন চারেক আগে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির কাছে লোক্‌টির মা দাবি করলেন, তাঁর ছেলেসহ যুক্তরাষ্ট্রের আরও তিন সাঁতারু বন্দুকের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরে লোক্‌টিই জানিয়েছেন, একটা পার্টি থেকে ফেরার সময় পুলিশের পোশাক পরা কয়েকজন তাঁদের গাড়ি থামান। পরে বন্দুক ঠেকিয়ে সবার কাছ থেকে টাকাপয়সাসহ মূল্যবান সবকিছু নিয়ে গেছেন। রিওর নিরাপত্তাব্যবস্থা নিয়ে এমনিতেই প্রশ্ন ছিল অনেক, এ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় অলিম্পিকে।
কিন্তু এরপর ঘটনা মোড় নিতে শুরু করে অন্যদিকে। পরে ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হলে একজনের বক্তব্যে ধরা পড়ে অসংগতি। লোক্‌টি সংবাদ সম্মেলনে এবং পুলিশের কাছে একজন ছিনতাইকারীর কথা বললেও আরেক সাঁতারু জেমস ফেইগেন বলেন, ছিনতাইকারীরা সংখ্যায় ছিল কয়েকজন। কিন্তু এখন পর্যন্ত ট্যাক্সিচালক কিংবা প্রত্যক্ষদর্শী তেমন কারও সাক্ষ্য পাওয়া যায়নি। তার চেয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে ডেইলি মেইল-এর ফাঁস করা অলিম্পিক ভিলেজের পাওয়া একটা ফুটেজ। ছিনতাইয়ের মতো এত বড় একটা ধাক্কার পর চারজন ঠাট্টা-তামাশা করতে পারেন কীভাবে? তার ওপর সবার কাছেই মুঠোফোন ও মানিব্যাগ ছিল। রিও পুলিশ শুরু থেকেই বলে আসছিল, এমন কোনো ঘটনার প্রমাণ তারা পায়নি। পুলিশের দাবি, মদ্যপ হয়েই ওই চারজন মনগড়া কাহিনি ফেঁদেছেন!
এরই মধ্যে চলতে থাকে তদন্ত। বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কেইলা ব্ল্যাঙ্ক ফেইগেনের মুঠোফোন বাজেয়াপ্ত এবং যুক্তরাষ্ট্রের তিন সাঁতারুকে সাময়িক গ্রেপ্তারের নির্দেশ দেন। মামলা চলার সময় যাতে তাঁরা দেশত্যাগ করতে না পারেন, সে জন্য তাঁদের পাসপোর্ট জব্দ করারও নির্দেশ দেন তিনি। কিন্তু লোক্‌টি ততক্ষণে উড়ে গেছেন দেশে। ফেইগেনকে আগেই আটক করা হয়েছিল, কঙ্গার ও বেন্টজ আটকে গেছেন শেষ মুহূর্তে।
ব্রাজিলিয়ান প্রচারমাধ্যম কাল দাবি করেছে, ট্যাক্সি করে ফেরার সময় ওই চার সাঁতারু একটা গ্যাস স্টেশনে থেমেছিলেন। সেখানকার বাথরুমের দরজার ক্ষতি করেছিলেন তাঁরা। স্টেশনের নিরাপত্তাকর্মী সেটা দেখে ফেলে চারজনকে পুলিশ না আসা পর্যন্ত আটকে রাখার চেষ্টা করেন। কিন্তু সেই কর্মীকে মারধর করে চলে আসেন তাঁরা। চারজন ওই ছিনতাইয়ের গল্পটা ফেঁদেছেন গেমস ভিলেজে এসে। ঘটনা কি আসলেই তাই? এএফপি।