গাঙ্গুলিকেও সংসদে মনোনয়ন দেওয়ার দাবি
বিশ্ব ক্রিকেট অঙ্গনে অবিস্মরণীয় অবদান রাখার সম্মানস্বরূপ ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনয়ন পেয়েছেন শচীন টেন্ডুলকার। ক্রিকেটের ব্যাটিং রেকর্ডের অধিকাংশই নিজের দখলে রেখেছেন লিটল মাস্টার। সেই সঙ্গে ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে শততম শতক পূর্ণ করার পর ভারতের রাজ্যসভায় যাওয়ার সুযোগ মিলেছে ভারতের এই ব্যাটিং আইকনের। এবার আরেক ভারতীয় ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলিকেও রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে দেশটির ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)।আজ শুক্রবার সিপিআইয়ের নেতা গুরুদাশ দাশগুপ্ত ভারতের পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের বলেছেন, ‘আমি টেন্ডুলকারকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তটাকে স্বাগত জানাই। কিন্তু একই সঙ্গে সৌরভ গাঙ্গুলিকেও রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।’টেন্ডুলকারের সঙ্গে সঙ্গে পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছেন আশির দশকের বলিউড অভিনেত্রী রেখা ও শিল্পপতি আনু আগা। প্রথম দুজনের ব্যাপারে কোনো আপত্তি না জানালেও শিল্পপতি আনু আগাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ করেছেন এই কমিউনিস্ট নেতা। তাঁর মতে, ‘ভারত একটা শ্রমজীবীদের দেশ। এখানে শিল্পপতিদের রাজ্যসভায় নিয়ে যাওয়াটা উচিত না।’— টাইমস অব ইন্ডিয়া