গাজী ট্যাংক না দোলেশ্বর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহ, অধিনায়ক, গাজী ট্যাংক
মাহমুদউল্লাহ, অধিনায়ক, গাজী ট্যাংক

এই গাজী ট্যাংকের বিপক্ষে, মিরপুরেই খেলা ছিল সেদিন। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে প্রাইম দোলেশ্বরের ৩ রানে জেতা সে ম্যাচ দারুণ উত্তেজনা ছড়িয়েছিল। কিন্তু খেলা শেষে ড্রেসিংরুমের সামনে উৎসবের মধ্যেই কোচ মিজানুর রহমান গজগজ করছিলেন, ‘আমরা জিতলেই তো সবাই বলে এটা নাকি অঘটন...।’ তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা, ‘বলুক। কে কী বলল তাতে কিছু যায়-আসে না। আমাদের খেলা আমরা খেলব।’
মোহামেডানের কাছে নিজেদের প্রথম ম্যাচে হারলেও গাজীর বিপক্ষে ওই জয় ছিল প্রাইম দোলেশ্বরের টানা চতুর্থ জয়। তত দিনে দোলেশ্বরের জয়কে আর অঘটন বলার উপায় ছিল না তাই। অবরোধের কারণে দুবার তারিখ বদলে গাজী-দোলেশ্বর অলিখিত ফাইনালটা মাঠে গড়াচ্ছে আজ। এর আগে ১৪ ম্যাচে ১০টিতেই জয়, হার চারটিতে—দোলেশ্বরকে ‘অঘটনঘটনপটীয়সী’ বলার চেয়ে ‘ফেবারিট’ বলাটাই তো ভালো!

ফরহাদ রেজা, অধিনায়ক, দোলেশ্বর
ফরহাদ রেজা, অধিনায়ক, দোলেশ্বর

সমান ম্যাচে সমান পয়েন্ট তাদের আজকের প্রতিপক্ষ গাজী ট্যাংক ক্রিকেটার্সেরও। সে জন্যই দুই দলের শেষ রাউন্ডের ম্যাচটা পাচ্ছে ‘ফাইনালের’ মর্যাদা। চূড়ান্ত সে লড়াইয়ে নামার আগে গাজী অধিনায়ক মাহমুদউল্লাহ দোলেশ্বরকে সমীহই করছেন, ‘প্রাইম দোলেশ্বরকে ছোট দল বলব না। তারা ভালো খেলছে। টিম স্পিরিট ভালো ছিল বলেই দলটা ভালো খেলতে পেরেছে। ওদের টিম কম্বিনেশনও ভালো।’
প্রতিপক্ষের শক্তির জায়গাটা ভালোই ধরতে পেরেছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক ফরহাদ রেজার অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে কখনো সোহাগ গাজীর অফ স্পিন, কখনো মুমিনুলের ব্যাটিং কিংবা ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালানের নির্ভরতা। এসব কিছুর যোগফলেই প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় মৌসুমে এসে প্রথম সুপার লিগে খেলছে দোলেশ্বর। অধিনায়ক ফরহাদ রেজাও বলছিলেন, ‘আমাদের দলে হয়তো নামী খেলোয়াড় নেই, কিন্তু সবাই ভালো। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার সবাই।’
সর্বশেষ জাতীয় দলে খেলাদের মধ্যে মাহমুদউল্লাহ আর রুবেল হোসেনই আছেন শুধু। তার পরও গাজী ট্যাংক নামে ভারী ইমরুল কায়েস, রকিবুল হাসান, আফতাব আহমেদদের উপস্থিতির কারণে। সবাই রানের মধ্যেও আছেন। সঙ্গে রায়ান টেন ডেসকাট, এউইন মরগানের মতো বিদেশিদের ধরলে কাগজে-কলমে অনেকটাই এগিয়ে থাকে গাজী ট্যাংক। প্রতিপক্ষকে প্রাপ্য সম্মান দিয়েও ‘ফাইনালের’ আগে মাহমুদউল্লাহ আশাবাদী হতে পারছেন সে কারণেই, ‘মরগান ও টেন ডেসকাট আসার পর আমাদের অবস্থা আরও ভালো হয়েছে। স্থানীয় ক্রিকেটাররাও ভালো খেলছে। বিশেষ করে রকিবুল, ইমরুল...কয়েকটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছে তারা। বোলারদের মধ্যে রুবেল, শহীদ, নাঈম জুনিয়র ভালো করছে। ব্যক্তিগতভাবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে তার সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’
একের পর এক ‘দৈত্য’ বধে এবারের লিগে এর মধ্যেই প্রত্যাশাতীত অর্জন দোলেশ্বরের। জিতলেই চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচের আগে তাই কোনো চাপ নিচ্ছেন না ফরহাদ, ‘আমরা সবাই খুবই আত্মবিশ্বাসী। প্রাইম দোলেশ্বর এই প্রথম সুপার লিগে এসেছে। ক্লাব থেকেও তাই আমাদের ওপর কোনো চাপ নেই।’ সুপার লিগেই প্রথম, আজ জিতলে যে দোলেশ্বর প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়নও হবে, সেটা বলাই বাহুল্য। একই ব্যাপার গাজী ট্যাংক ক্রিকেটার্সের ক্ষেত্রেও। আজ জিতলে শিরোপার স্বাদ তারাও পাবে প্রথম বারের মতো। চাপ-টাপ নিয়ে না ভেবে মাহমুদউল্লাহর চোখে আজকের দিনটা তাই বিশেষ একটা দিন। এমন দিনে ভালো কিছুরই প্রত্যাশা তাঁর, ‘এটা বিশেষ একটা দিন। আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। স্নায়ুচাপে না ভুগে যদি সেরা খেলাটা খেলতে পারি, ছোট ছোট ভুলগুলো যদি না করি, আশা করি ভালো ফলাফল নিয়ে আসতে পারব।’
‘ফাইনালে’ জিতলে চ্যাম্পিয়ন, কিন্তু হারলে রানার্সআপ নয়। এবারের লিগে রানার্সআপ হবে কারা, সেটি নির্ভর করছে আজকের অন্য দুটি ম্যাচের ওপরও। ফতুল্লায় মোহামেডান খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপিতে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও কলাবাগান ক্রিকেট একাডেমি। মোহামেডান-শেখ জামাল দুই দলেরই ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট করে থাকায় শিরোপার লড়াইয়ের মতো রানার্সআপ হওয়ার ‘লড়াই’টাও খারাপ জমবে না।