গাজী ট্যাংকই রানার্সআপ
অনেক নাটকের প্রিমিয়ার লিগের শেষটাও হালকা নাটক দিয়েই হলো। পরশু লিগের শেষ তিনটি ম্যাচ শেষে ভিক্টোরিয়াকে চ্যাম্পিয়ন বলা হলেও ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল রানার্সআপ নিয়ে। কাল সিসিডিএমের চেয়ারম্যান হানিফ ভূঁইয়া দূর করলেন সেই ধোঁয়াশা। বাইলজ অনুযায়ী গাজী ট্যাংককেই রানার্সআপ ‘ঘোষণা’ করেছেন তিনি।বাইলজ অনুযায়ী পয়েন্ট সমান হলে ধরা হবে সুপার লিগের মুখোমুখি লড়াইয়ের ফল। এই নিয়ম মেনেই পয়েন্ট সমান হওয়ার পরও শেষ ম্যাচে ওল্ড ডিওএইচএসকে হারানোয় চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া-ডিওএইচএসের মতো গাজী ট্যাংক ক্রিকেটার্সের পয়েন্টও ২২। সুপার লিগে তারা ভিক্টোরিয়ার কাছে হারলেও জিতেছে ডিওএইচএসের বিপক্ষে। এই হিসাবে রানার্সআপ হওয়ার কথা গাজী ট্যাংকেরই। কিন্তু পরশু ম্যাচ শেষে প্রিমিয়ার লিগের অফিশিয়াল পয়েন্ট টেবিলে ডিওএইচএসকে দ্বিতীয় স্থানে দেখানোতেই গোল বাধে। সিসিডিএম সমন্বয়ক কাজী আইনুল ইসলামও সেদিন এর স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।কাল সিসিডিএমের এক সভা শেষে চেয়ারম্যান হানিফ ভূঁইয়া বলেছেন, ‘আমরা বাইলজ দেখেছি। সেখানে সবকিছু স্পষ্ট লেখা আছে। বাইলজ অনুযায়ী গাজী ট্যাংক ক্রিকেটার্সই এবারের লিগের রানার্সআপ।’