গাজীর আরেকটি জয়
সুপার লিগের পথে আরেকটু এগিয়ে গেল গাজী ট্যাংক ক্রিকেটার্স। কাল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রাইম ব্যাংককে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান পোক্ত করেছে আট ম্যাচের ছয়টিতেই জেতা দলটি। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে শেখ জামালকে ৬ রানে হারিয়েছে ভিক্টোরিয়া। ক্রিকেট কোচিং স্কুলের ম্যাচগুলোকে বাদ দিয়ে নতুন করে সাজানো পয়েন্ট তালিকায় আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়া আছে পাঁচে।
বগুড়ায় টস জিতে ফিল্ডিং নেওয়া গাজী ট্যাংক প্রাইম ব্যাংককে বেঁধে রাখে দুই শর নিচে। ব্যাংকের ৮ উইকেটে করা ১৯১ রানের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান ছয় নম্বর ব্যাটসম্যান তায়েবুর পারভেজের। গাজী ট্যাংকের কিউই অলরাউন্ডার জ্যাকব ওরাম ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ১৯২ রানের লক্ষ্য তাড়া করা গাজী ৪৪ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। চতুর্থ উইকেটে জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান রকিবুল হাসান (৫৫) পাকিস্তানি ক্রিকেটার আসহার জাইদির (৬৮) সঙ্গে ১১৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামলান।
রাজশাহীতে ভিক্টোরিয়ার ২৫১ রান প্রায় টপকেই গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি। ৪৮তম ওভারে ২৩০ রানে নবম উইকেট হারানো দলটিকে পরের ওভারে ১৫ রান এনে দেন এলটন চিগুম্বুরা। ৬ বলে দরকার ছিল ৬ রান—৯৪ বলে ৯ চার ও ২ ছয়ে ৯১ রান করা জিম্বাবুইয়ান অলরাউন্ডার আউট হয়ে যান প্রথম বলেই। চিগুম্বুরার উইকেটটিসহ ৪ উইকেট পেয়েছেন জাতীয় দলের পেসার রবিউল। ভিক্টোরিয়ার ইনিংসে অপরাজিত ৮৯ রান করে ম্যাচসেরা জুবায়ের আহমেদ।
হরতালের কারণে স্থগিত করা হয়েছে ৫ ও ৬ নভেম্বরের খেলা।
সং ক্ষি প্ত স্কো র
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ১৯১/৮ (সৈকত ১৯, রুম্মন ৯, ফরিদউদ্দিন ৯, বোপারা ২৬, টেলর ৩, তায়েবুর ৬৩, ডসন ১৬, মাহমুদুল ২৬*, তাপস ৩, এনামুল জু. ৯*; ওরাম ৩/২৮, শহীদ ০/৪১, আরাফাত ২/৩০, জাইদি ১/৩৭, তারিক ০/১৭, নাঈম জু, ১/৩৩)। গাজী ট্যাংক: ৪৮.১ ওভারে ১৯২/৭ (তারিক ৭, রিয়াজুল ২১, ইমরুল ৪, রকিবুল ৫৫, জাইদি ৬৮, ওরাম ১, হামিদুল ১৫*, নাঈম জু. ০, আরাফাত ৬*; ডসন ০/৩১, মাহমুদুল ১/৩০, রহমান ০/১৫, ফরিদউদ্দিন ১/১৬, এনামুল জু. ১/৩৭, বোপারা ৩/৩৩, তাপস ০/১০, তায়েবুর ০/১৮)।
ফল: গাজী ট্যাংক ৩ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আসহার জাইদি।
ভিক্টোরিয়া: ৪৬.২ ওভারে ২৫১ (সৌম্য ১৬, রাসেল ২৩, জোবায়ের ৯, করুনানায়েকে ১১, আবেরত্নে ৫৯, জুবায়ের ৮৯*, শরীফ ৭, এনামুল ১৩, মনির ০, রবিউল ৪, সাকের ১; শুভাশিস ১/৪৩, নাইব ২/৪৭, চিগুম্বুরা ১/২৪, ইয়াসিন ১/৫৬, তানভীর ১/৪২, নাহিদুল ২/২৯, আহমাদি ০/১০)। শেখ জামাল: ৪৯.১ ওভারে ২৪৫ (জহুরুল ০, জুনায়েদ ৪৮, আহমাদি ১, তুষার ২২, দিদার ০, নাইব ৬, চিগুম্বুরা ৯১, নাহিদুল ৪৭, তানভীর ১৯, ইয়াসিন ০, শুভাশিস ০*; রবিউল ৪/৫০, শরীফ ২/৭০, এনামুল ০/২৩, করুনানায়েকে ০/১৩, মনির ২/২২, সাকের ২/২৯, সৌম্য ০/৩৬)।
ফল: ভিক্টোরিয়া ৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জুবায়ের আহমেদ।