গাজীর মুখেই শেষ হাসি

প্রাইম দোলেশ্বরের শেষ উইকেটটি পড়তেই স্টাম্প তুলে দিগ্বিদিক ছুটলেন গাজী ট্যাংকের উইকেটকিপার হামিদুল। সতীর্থদের অনেকেই তখন ডানা মেলে দিয়েছেন, বাকিরা জড়িয়ে ধরছেন পরস্পরকে। মাঠের বাইরে থেকে ছুটে গেলেন একাদশের বাইরের খেলোয়াড়েরা। কর্মকর্তারাও তখন আলিঙ্গনে জড়াচ্ছেন পরস্পরকে। গ্যালারিতে সমর্থকদের চিৎকার আর ব্যান্ড পার্টির বাজনায় কানে তালা লেগে যাওয়ার অবস্থা।
খানিক পর গাজীর ক্রিকেটার-কর্মকর্তারা ড্রেসিংরুমে ঢুকে আবার বেরোলেন জার্সি পাল্টে। এবার গায়ে বিজয় উদ্যাপনের পোশাক। যেটির পেছনে লেখা ‘লিজেন্ডস অব রূপগঞ্জ।’ মালিকানা পাল্টানোর পর এই নামেই খেলতে চেয়েছিল দলটি, নিয়মের খাঁড়ায় যদিও এই মৌসুমে সেই অনুমতি পায়নি। সামনে অবশ্য একপাশে লেখা গাজী ট্যাংক, আরেক পাশে লেখা চ্যাম্পিয়ন ২০১২-১৩। ঢাকা প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন গাজী ট্যাংক ক্রিকেটার্স।
নিজেদের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষের উদ্যাপন দেখছিলেন প্রাইম দোলেশ্বরের ক্রিকেটাররা। চোখে-মুখে রাজ্যের হতাশা। কয়েকজনের কোমরে হাত, মাথা নিচু। তবে পুরো লিগে যেভাবে খেলেছে, তাতে মাথা উঁচুই রাখতে পারে দোলেশ্বর। সুবাস পেয়েও শিরোপা জয় হলো না, তবে নবীন একটি দল বড় কোনো তারকাকে ছাড়াই শেষ দিন পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকাটাও তো অনেক বড় অর্জন! কালকের ৬০ রানের হারে অবশ্য রানার্সআপও হতে পারেনি দোলেশ্বর। বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়ে লিগের দ্বিতীয় সেরা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুই দলেরই পয়েন্ট ২০, তবে মুখোমুখি লড়াইয়ে হারায় দোলেশ্বর শেষ পর্যন্ত তিনে। রানার্সআপের লড়াইয়ে থাকা মোহামেডান কাল প্রাইম ব্যাংকের কাছে ১৪ রানে হেরে হয়েছে চতুর্থ।
মিরপুরে কাল ট্রফিতে এক হাত দিয়ে ফেলে গাজী প্রথম ইনিংসেই। এবারের লিগের সবচেয়ে বড় বিদেশি তারকা সেরাটা জমা রেখেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের জন্যই। আগের চার ম্যাচে ব্যর্থ এউইন মরগানের ব্যাট থেকে কাল এল ঝকঝকে ৮৪। সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহর ঝোড়ো ফিফটি, আরও চারজনের ছোট অথচ কার্যকর ইনিংসে গাজী তোলে ২৯৫ রান। এমন চাপের ম্যাচে ৩০০ ছুঁই-ছুঁই স্কোর মানেই তো কাজ অর্ধেক সেরে ফেলা! বাকিটুকুও একরকম নিশ্চিত হয়ে যায় দ্বিতীয় ইনিংসের শুরুতেই। দুই ইংলিশ জশুয়া কব ও ডাভিড মালানের উইকেটসহ ৫০ রানেই দোলেশ্বর হারায় ৪ উইকেট। রান তিন অঙ্ক ছুঁতেই নেই ৬ উইকেট। তবু হারার আগেই হারেনি দোলেশ্বর। মুমিনুল হক একপ্রান্ত আগলে করেন ৮৬, আটে নেমে ফরহাদ রেজা ৬০ বলে ৭৯। তবে তাতে কেবল লড়াইটাই হয়েছে, ম্যাচের ভাগ্য নিয়ে সংশয় খুব একটা জাগেনি কখনোই।

চোটের কারণে আফতাব আহমেদ খেলতে পারেননি। নতুন সঙ্গী রিয়াজুল ইসলামকে (৩৬) নিয়ে তবু ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন ইমরুল কায়েস (৪০)। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ-মরগান ১০১ রানের জুটি গড়েন মাত্র ৭৯ বলে। ৪৩ বলে ৫১ রান করে মাহমুদউল্লাহ ফিরেছেন ফরহাদের দুর্দান্ত রানিং ক্যাচে। মরগান আগের চার ম্যাচ মিলিয়ে করেছিলেন ৭০। কাল ফিফটি ৫৫ বলে, ফিফটি ছোঁয়ার পর ১৬ বলে করেছেন ৩৪। সঙ্গে রায়ান টেন ডেসকাটের ঝড়ে (১৮ বলে ৩৫*) শেষ ১০ ওভারে গাজী তোলে ১১৮। শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে প্রথম ইনিংসের শেষ আর দ্বিতীয় ইনিংসের শুরুটাই।
বিকেএসপিতে ওপেনার আবদুল মজিদের ১০২ রানের পরও কলাবাগান সিএ থমকে যায় ২২৩ রানে। লিগের শেষ ম্যাচে এসে অভিজ্ঞ তুষার ইমরানের একমাত্র ফিফটি (৬২) ও মুশফিকুর রহিমের অপরাজিত ৯৭ রানে শেখ জামাল জিতে যায় ৬৪ বল আগেই। ছক্কায় ম্যাচ শেষ করা মুশফিকের ৮১ বলের ইনিংসে ছিল ৮টি ছক্কা!
ফতুল্লায় প্রাইম ব্যাংকের ২৮০ রানে রবি বোপারা একাই করেছেন ১৫৭ বলে ১৫৭। জবাবে ৪ রানে ২ উইকেট হারানো মোহামেডানকে লড়াইয়ে রাখে উপুল থারাঙ্গা ও রহমত শাহর ফিফটি। শেষ দিকে অধিনায়ক মাশরাফির ৩২ বলে ৫৩ রানের পরও মোহামেডান হারে ১৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর
গাজী ট্যাংক-প্রাইম দোলেশ্বর
গাজী: ৫০ ওভারে ২৯৫/৭ (মরগান ৮৪, মাহমুদউল্লাহ ৫১, ইমরুল ৪০, রিয়াজুল ৩৬, ডেসকাট ৩৫, রকিবুল ২৭; তাইজুল ২/৭৪, মুমিনুল ১/১২, শফিউল ১/৩৪, ফরহাদ ১/৫৯, সোহাগ ১/৬৪)। দোলেশ্বর: ৪৫.৪ ওভারে ২৩৫ (মুমিনুল ৮৬, ফরহাদ ৭৯, সোহাগ ২২; জাইদি ৪/৩৯, নাঈম জুনি. ৩/৩৮, রুবেল ২/২১, মাহমুদউল্লাহ ১/৫৫)।
ফল: গাজী ট্যাংক ৬০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এউইন মরগান।
শেখ জামাল-কলাবাগান সিএ
কলাবাগান: ৪৯.১ ওভারে ২২৩ (মজিদ ১০২, সগীর ৩১, মার্শাল ৩০, অভিষেক ২৬; রাজ্জাক ৪/৫৬, তানভীর ২/৪৬, সানি ২/৫১, ক্রুক ১/২৩, নাহিদুল ১/২৯)। শেখ জামাল: ৩৯.২ ওভারে ২২৮/৬ (মুশফিক ৯৭*, তুষার ৬২, জুনায়েদ ২১, শরীফউল্লাহ ৩/৩৯, আসিফ ১/৩৯, জাকারিয়া ১/৬১)।
ফল: শেখ জামাল ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।
প্রাইম ব্যাংক-মোহামেডান
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৮০/৫ (বোপারা ১৫৭, সৈকত ৬৭, রেজাউল ২০; মাশরাফি ২/৫৮, রাজিন ১/১৯, দেলোয়ার ১/৩৪, রহমত ১/৪২)। মোহামেডান: ৪৮.৫ ওভারে ২৬৬ (রহমত ৬৪, মাশরাফি ৫৩, থারাঙ্গা ৫২, ধীমান ৪১, দেলোয়ার ২১; বোপারা ৪/৪৬, আরিফুল ৩/৫১, তাপস ১/৩৭, মাহমুদুল ১/৩৮, এনামুল জুনি. ১/৬৮)।
ফল: প্রাইম ব্যাংক ১৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রবি বোপারা।
প্রিমিয়ার লিগের সেরা
ব্যাটসম্যান
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
রবি বোপারা ১০ ৬৭০ ১৫৭* ৭৪.৪৪ ২/৪
ইমরুল কায়েস ১৬ ৬৫৫ ১০৪* ৪৩.৬৪ ১/৪
মুশফিকুর রহিম ১২ ৬২৪ ১৪৫* ৬৯.৩৩ ১/৩
সৈকত আলী ১৬ ৫৭৯ ১০৩* ৪১.৩৬ ১/৫
হ্যামিল্টন মাসাকাদজা ১২ ৫৫৯ ১২৫ ৫৫.৯০ ১/৪
বোলার
ওভার উইকেট সেরা গড় ৪/৫
আরাফাত সানি ১৪৯ ২৯ ৪/১৩ ১৯.১৪ ১/০
ফরহাদ রেজা ১১৪.১ ২৯ ৫/৫১ ১৯.৬৬ ০/১
এনামুল হক জুনি. ১৪৯.৫ ২৮ ৪/৪৩ ২২.০২ ১/০
রুবেল হোসেন ৮৩.৪ ২৫ ৬/১৮ ১৪.৫৬ ১/২
তাইজুল ইসলাম ১৩৮.৩ ২২ ৬/১৯ ২৮.৭৩ ০/১
রোল অব অনার
মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ
২০১২-১৩ গাজী ট্যাংক শেখ জামাল
২০১১-১২ ভিক্টোরিয়া ওল্ড ডিওএইচএস
২০১০-১১ আবাহনী মোহামেডান
২০০৯-১০ মোহামেডান বিমান
২০০৮-০৯ আবাহনী সূর্যতরুণ
২০০৭-০৮ আবাহনী বিমান
২০০৬-০৭ আবাহনী মোহামেডান
২০০৫-০৬ ওল্ড ডিওএইচএস সোনারগাঁও
২০০৪-০৫ ওল্ড ডিওএইচএস সিটি ক্লাব
২০০২-০৩ ভিক্টোরিয়া মোহামেডান ও সিটি ক্লাব
* শেষ ১০ মৌসুম