গাত্তুসোর বিদায়ের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ইতালির। এর আগেই বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইতালিয়ান মিডফিল্ডার জেনারো গাত্তুসো।ইতালির দীর্ঘ পথচলার এই সঙ্গী অবশ্য কারও ওপর রাগ-টাগ করে সরে যাচ্ছেন না। গত দুটি বিশ্বকাপ খেলা গাত্তুসো চলে যাচ্ছেন সময়ের ডাকে সাড়া দিয়ে। শরীর আর আগের মতো কথা শোনে না, তাই এই অবসরের সিদ্ধান্ত তাঁর, ‘তেত্রিশে পড়তে যাচ্ছি। যে পজিশনে খেলি, তাতে আরও উদ্যমী কোনো তরুণের হাতে জায়গা ছেড়ে দেওয়ার সময় চলে এসেছে।’ইতালির ‘ড্যাডস আর্মি’ তাহলে ভাঙতে যাচ্ছে? সে ভাঙুক। কিন্তু জাতীয় দলের সঙ্গে ১০ বছরের এই সম্পর্কটা শেষ করার ইচ্ছে নেই গাত্তুসোর। অবসর নিলে আর কীভাবে দলের সঙ্গে সম্পর্ক রাখবেন?গাত্তুসোর স্বপ্ন আছে। স্বপ্ন দেখেন ইতালি জাতীয় দলকে কোচিং করানোর। শুধু জাতীয় দলকে কোচিং করানোর মতো ‘ছোট’ নয় স্বপ্নটা। গাত্তুসোর স্বপ্ন জাতীয় দল নিয়ে বিশ্বকাপেই ফিরে আসা, ‘আমার স্বপ্ন, একদিন ইতালির কোচ হয়ে বিশ্বকাপে যাওয়া।’তাই হয়তো যাবেন। আমরা গাত্তুসোর মধ্যে আরেকজন বেকেনবাওয়ার, জাগালো বা নিদেনপক্ষে ম্যারাডোনা-দুঙ্গাও তো পাব! এএফপি।