গান শুনতে গিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশায় রেফারি, কিন্তু মার্ক ক্ল্যাটেনবার্গ আবার সংগীত-অনুরাগীও। আর সেই গান শোনার জন্য এখন বেশ চড়া মূল্য দিতে হচ্ছে তাঁকে! শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমের সঙ্গে ক্রিস্টাল প্যালেসের ম্যাচটার রেফারি ছিলেন ক্ল্যাটেনবার্গ। সেদিনই রাতে নিউক্যাসলে ব্রিটিশ গায়ক এড শিরানের কনসার্ট ছিল। সেটা দেখবেন বলে ওয়েস্ট ব্রমের মাঠে ম্যাচ শেষ করে ক্ল্যাটেনবার্গ তাড়াহুড়ো করে চলে যান নিউক্যাসলে। বিপত্তিটা বেধেছে সেখানেই। প্রিমিয়ার লিগের রেফারিদের সংস্থা পিজিএমওএলের নিয়মানুযায়ী ম্যাচ শেষে কোনো রেফারিরা একা মাঠে আসতে বা মাঠ ছেড়ে যেতে পারেন না। নিরাপত্তা ও নৈতিকতাজনিত কারণেই এই বিধান। তার ওপর আবার ম্যাচ শেষে নাকি ক্ল্যাটেনবার্গ ক্রিস্টাল প্যালেসের কোচ নিল ওয়ার্নকের সঙ্গে ফোনে কথা বলেছেন। এটাও বিধিবিরুদ্ধ। যে কারণে ক্ল্যাটেনবার্গকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পিজিএমওএল। এত কিছুর পরও হয়তো ক্ল্যাটেনবার্গের একটাই স্বস্তি, প্রিয় গায়কের গান তিনি ঠিকই শুনেছেন। এএফপি।