গানারদের নিয়ে খেলল লিভারপুল
ম্যাচের ২০ মিনিট পরে যাঁরা টিভি খুলেছেন, তাঁরা ভীষণভাবেই বঞ্চিত হয়েছেন। লিভারপুল ৪-০ আর্সেনাল! শেষ পর্যন্ত স্কোরলাইন ৫-১। অ্যানফিল্ডে কাল আর্সেনালকে নিয়ে একরকম ছেলেখেলাই করল লিভারপুল। ১৯৬৪ সালের পর এই প্রথম আর্সেনালকে পাঁচ গোল দিল লিভারপুল। জোড়া গোল করেছেন মার্টিন স্কারটেল ও রাহিম স্টার্লিং। অন্যটি ড্যানিয়েল স্টারিজ। পেনাল্টি থেকে আর্সেনালের সান্ত্বনার গোলটি মিকেল আরটেটার।
আর্সেনালের হারের সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে চেলসি। ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে চেলসি নিউক্যাসলকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে। তিনটি গোলই করেছেন এডেন হ্যাজার্ড। চেলসিতে বেলজিয়ান ফরোয়ার্ডের প্রথম হ্যাটট্রিক। তবে হোঁচট খেয়েছে আরেক শিরোপার দাবিদার ম্যানচেস্টার সিটি। নরউইচের মাঠ গিয়ে গোলশূন্য ড্র করেছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। হেরেও তাই ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুইয়ে। এক পয়েন্ট কম নিয়ে সিটি তিনে। চেলসির পয়েন্ট ৫৬। কালকের অসাধারণ জয়টি শিরোপা লড়াইয়ে ফিরিয়েছে লিভারপুলকেও। চারে থাকা লিভারপুলের পয়েন্ট ৫০। স্টার স্পোর্টস।