গানে-আনন্দে জয়ে বিদায় প্রথম আলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ হতেই মাঠে বিশ্বকাপ জয়ের উল্লাস। এরপর নিজেদের তাঁবুতে গলা ফাটিয়ে গান-বাজনা, স্লোগানে স্লোগানে মুখর চারপাশ। মাঠের অধিনায়ক উৎপল শুভ্র হলেও গান-স্লোগান পর্বের নেতা একই সঙ্গে গায়ক, সাংবাদিক ও ক্রিকেটার সাজেদ ফাতেমি। পুরস্কার বিতরণী মঞ্চে উৎপল শুভ্রর প্রতিক্রিয়া তুলল হাসির হুল্লোড়। ম্যাচ জিতে এবং হাসি-গান-নাচ-আনন্দে বিএসজেএ মিডিয়া কাপ থেকে বিদায় নিল প্রথম আলো। টুর্নামেন্টের মূল সুরটা সবচেয়ে বেশি ধরতে পেরেছে যেন প্রথম আলোই। নিজেরা যেমন উপভোগ করেছে, তেমনি মাঠের ভেতরে-বাইরে বিনোদন জুগিয়েছে সবাইকে।
প্রথম ম্যাচের মতো কাল গ্রুপের শেষ ম্যাচেও প্রথম আলোর জয়টা এসেছে অনায়াসে। ‘কারওয়ান বাজার ডার্বি’ তকমা পাওয়া ম্যাচে দৈনিক ইত্তেফাকের বিপক্ষে জিতেছে কোনো উইকেট না হারিয়েই। ৭১ রান তাড়া করে ফেলেছে ৪.১ ওভারেই। শেষ পর্যন্ত উইকেটে থেকে দলের জয় সঙ্গী করে ফেরার প্রতিজ্ঞায় কাল ওপেন করা অধিনায়ক উৎপল শুভ্র প্রতিজ্ঞা পূরণ করেছেন অপরাজিত ১০ রানে। আরেক ওপেনার ফয়সাল আজিম করেছেন অপরাজিত ২৫। ফয়সাল ও শুভ্র এর আগে বল হাতেও নিয়েছেন একটি করে উইকেট। ম্যাচের প্রথম বলেই উইকেট পেয়েছেন তারেক মাহমুদ। উইকেট না পেলেও কিপটে বোলিংয়ে ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিলেন আরিফুল, রিয়াজ ও শামীম। ম্যাচসেরা হয়েছেন ফয়সাল।
আজকের কোয়ার্টার ফাইনালের আট দল ডেইলি স্টার, চ্যানেল নাইন, জিটিভি, কালের কণ্ঠ, রেডিও টুডে, সমকাল, রাইজিংবিডি.কম ও মাছরাঙা।