গান্ধী আশ্রমের শহরে...
রাস্তার ধারে খোলা আকাশের নিচে চলছে ব্যাট কেনাবেচা। একেকজন ব্যাট নিয়েই হতে চায় একজন ইউসুফ পাঠান, একজন ইরফান পাঠান কিংবা একজন পার্থিব প্যাটেল। আহমেদাবাদ শহরে পা রেখে এটা ঢের পাওয়া গেল।পাঠান ভাইদের ঠিকানা এই শহর থেকে ১২০ কিলোমিটার দূরে। কিন্তু এরা এখানে অসম্ভব জনপ্রিয়। পার্থিব প্যাটেল খুব অল্প বয়সে ভারতীয় দলে ঢোকার পর এখন সেই স্রোত থেকে বিচ্ছিন্ন। ইরফানও অনেকটা তাই। তবে ইউসুফ পাঠান খেলছেন ভারতের এই বিশ্বকাপ দলেই। গুজরাট রাজ্যের সবচেয়ে বড় শহর কাল উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ইউসুফ পাঠানদের।চেন্নাই থেকে দুপুরে সোয়া দুই ঘণ্টার বিমান যাত্রা শেষে আহমেদাবাদে এল ভারতীয় দল। বিমানবন্দরে মহেন্দ্র সিং ধোনিদের পেয়ে সে কী উচ্ছ্বাস উপস্থিত যাত্রীদের! বোর্ডিং কার্ড নেওয়ার পরও ছবি তোলার অনুরোধ ফেলতে পারলেন না কেউই।শচীন টেন্ডুলকার থেকে শুরু করে শ্রীশান্ত—সবাই ছবি তোলার ডাকে এমনভাবে সাড়া দিলেন যে, কিছুক্ষণের জন্য পরিবেশটা হয়ে উঠল আনন্দমেলা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য শুভকামনা জানাল সবাই।সেই ম্যাচ আয়োজনে তৈরি হচ্ছে সরদার প্যাটেল স্টেডিয়াম। শহরের মোতেরা এলাকায় কাল বিকেলে ঢুঁ মেরে দেখা গেল, বহু বছরের জীর্ণতার সাক্ষ্য দিচ্ছে এলাকাটা। মিরপুর স্টেডিয়ামের বাইরের চত্বরটা যেভাবে সাজানো হয়েছে, তার এক শ ভাগের এক ভাগও নেই এখানে। বাইরের অংশটা দেখলে মনেই হয় না আগামী পরশুই এখানে ভারত-অস্ট্রেলিয়া মহারণ!মূল রাস্তা থেকে একটু ভেতরে ৫০ একর জায়গাজুড়ে স্টেডিয়ামের বিশাল শরীর। দর্শক ধারণক্ষমতা প্রায় ৫০ হাজার। পরশুর কোয়ার্টার ফাইনাল সামনে রেখে ইএসপিএন-স্টারের টিভি ক্রু ছাড়া আর কারও প্রবেশ নিষিদ্ধ ছিল গতকাল পর্যন্ত। তবে আজ থেকে এটি পাবে ভিন্ন আমেজ। দুই দল স্টেডিয়ামে অনুশীলন করতে এলে বিশ্বকাপ-জ্বরটা বেরিয়ে আসবে।মূল ফটকের সামনে বেশ ভিড়। টিকিটের সন্ধানে এসেছেন অনেকে। কিন্তু অনলাইনে সাধারণ দর্শকদের টিকিট মাত্র পনেরো মিনিটেই নাকি শেষ! ট্যাক্সিচালক রশিদ শেখ এই তথ্য দিয়ে নিজেই একটা অনুরোধ করে বসলেন ভিনদেশি এই সাংবাদিককে, ‘আপকে পাস টিকিট মিলেগা?’ভারতের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার ম্যাচে টিকিটের আকাল হওয়াই স্বাভাবিক। তার ওপর বাড়তি বোনাস, শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরিটা যদি এখানেই হয়ে যায়! এই মাঠেই সম্প্রতি টেন্ডুলকার পার করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের তাঁর ২০তম বার্ষিকী, এখানেই আন্তর্জাতিক ক্রিকেট নিজের ৩০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ‘আধুনিক ডন’।সুনীল গাভাস্কার প্রথম ক্রিকেটার হিসেবে এই সরদার প্যাটেলেই করেছেন ১০ হাজার রান, রিচার্ড হ্যাডলির রেকর্ড ভেঙে এখানেই টেস্ট ক্রিকেটে ৪৩২তম উইকেট পেয়েছিলেন কপিল দেব। সরদার প্যাটেল এবারও রেকর্ড দেখার অপেক্ষায়।নরেন্দ্র মোদির তালুক আহমেদাবাদ ভারতের রক্ষণশীল শহরগুলোর একটি। মহাত্মা গান্ধীর প্রতি সম্মান রেখে এখানে সামাজিক অনুশাসন তীব্র। গুজরাটের অন্য শহরের মতো এই শহরেও হিন্দু-মুসলিম দাঙ্গা হয়েছে অনেকবার। এখনো পাওয়া যায় সেই স্মৃতিচিহ্ন। স্টেডিয়াম থেকে কাছেই সাবরমতি নদী। নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে। হয়তো অপেক্ষায় রয়েছে ভরা বর্ষার। নদীর এক পাশে মহাত্মা গান্ধীর সেই বিখ্যাত আশ্রম। বিশ্বকাপে সাফল্য কামনায় এই আশ্রমে একবার যেতে পারে ভারতীয় দল।বিমানবন্দর থেকে বেরিয়ে যে রাস্তাটা শহরের দিকে ঢুকেছে, তার পেটের মধ্যে আস্ত একটা হাতি দেখা গেল কাল। হাতি নিয়ে চলেছেন তাঁর মালিক। মেয়েরা শহরময় মোটরসাইকেল চালাচ্ছে দেদার। এরা মোটরসাইকেল চালিয়ে হাজির হয়ে যায় ক্রিকেট মাঠেও। আগামী পরশু হয়তো সকাল থেকেই সরদার প্যাটেল স্টেডিয়াম অভিমুখে থাকবে তারই শোভাযাত্রা।